জেলা পরিষদ নির্বাচন ৬ মাসের মধ্যে: মন্ত্রী
আগামী ছয় মাসের মধ্যে জেলা পরিষদ নির্বাচনের আশা দিয়েছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
স্থানীয় সরকারের এই প্রতিষ্ঠানটির নির্বাচন না হওয়ার মধ্যে বুধবার জেলা প্রশাসক সম্মেলনে নিজের মন্ত্রণালয় সংক্রান্ত কার্যঅধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই আশাবাদ প্রকাশ করেন তিনি।
জেলা পরিষদ নির্বাচন নিয়ে কোনো আলোচনা বা নির্দেশনা হয়েছে কি না-মন্ত্রী বলেন, “এটা তো ডিসিদের বলার কিছু নাই। আমরা শিডিউল ডিক্লেয়ার করব নির্বাচনের। নির্বাচন নিয়ে কারো কোনো অসুবিধা নাই।”
সরকারের পরিকল্পনা কী- জানতে চাইলে তিনি বলেন, “আমাদের পরিকল্পনায় আইনের কিছু পরিবর্তন- পরিবর্ধন দরকার লাগছে। এটা এ সেশনে (সংসদের চলতি অধিবেশনে) করতে পারতেছি না। প্রয়োজনে আমরা অর্ডিনেন্স জারি করে নির্বাচনের দিকে এগিয়ে যাব।”
সেক্ষেত্রে নির্বাচন কবে হবে- জানতে চাইলে মন্ত্রী বলেন, “আগামী ছয় মাসের মধ্যে ইনশাল্লাহ নির্বাচন করে দিতে পারব।”
জেলা পরিষদগুলোতে নির্বাচন না হওয়ায় বর্তমানে সরকার মনোনীত ব্যক্তিরা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাদের প্রায় সবাই ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা।
জেলা প্রশাসক সম্মেলনের আলোচনার বিষয়ে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, তার মন্ত্রণালয়ের কর্মপরিধি অনেক বেশি হওয়ায় এক ঘণ্টার মধ্যে বিষদ আলোচনা কঠিন।
“এটা ব্যাপক মিনিস্ট্রি। এক ঘণ্টায় মধ্যে বিশদ আলোচনা কষ্টকর। তবে একটা জিনিস ডিসিদের প্রশ্ন ও উত্তর থেকে পরিষ্কার, তাহল আমরা এগিযে যাচ্ছি। আমরা পজিটিভলি এগিয়ে যাচ্ছি।”
তিনি বলেন, “এখন গ্রামীণ অর্থনীতিতে ডিমান্ডের মাত্রারও পরিবর্তন আসছে। আগে তারা রাস্তাঘাট, ব্রিজ, কালভার্টের কথা বলত। এখন বলে খাম্বার কথা। খাম্বা মানে কি? বিদ্যুৎ। খাম্বা পেলে তার পাব, আর তার পেলে বিদ্যুৎ পাব।
“গ্রামীণ অর্থনীতি যে এগিয়ে যাচ্ছে, তা তাদের ডিমান্ড থেকে বোঝা যায়।”
ইউনিয়ন পরিষদে একজন করে উপ-সহকারী প্রকৌশলী নিয়োগের প্রস্তাব জেলা প্রশাসকদের মধ্য থেকে এসেছে জানিয়ে মন্ত্রী বলেন, “তার মানে কর্ম পরিধি বাড়তেছে। উন্নয়ন গতিশীল হচ্ছে। উন্নয়নের গতি এতটা বৃদ্ধি পাচ্ছে যে তারা ওখানে (ইউপি) টেকনিক্যাল লোক চাচ্ছে।”
আইন-শৃঙ্খলার বিষয়ে তিনি বলেন, “আমাদের বিরোধী দল বলত, সরকারই গুম করতেছে। গুম যে তারা নিজেরাই হচ্ছে, এই বিষয়ে কোনো সন্দেহ রইল না।”
সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসকদের কোনো নির্দেশনা ছিল কি না- জানতে চাইলে মোশাররফ বলেন, “ইউনিয়ন কাউন্সিল মনিটরিংয়ের আওতায় আনতে হবে। প্রতিটি ইউনিয়ন পরিষদে তারা যাবেন। গিয়ে তারা তাদের ক্রিয়াকর্ম করবেন, আর সন্ত্রাসী ক্রিয়াকর্ম যাতে কোনোভাবে প্রশ্রয় না হয়, সেদিকে সজাগ থাকবেন।”
