জঙ্গিবাদবিরোধী ‘গান-কবিতার মিছিল’ করবে সাংস্কৃতিক জোট
গুলশান হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে ‘গান-কবিতার মিছিল’ করার কর্মসূচি দিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।
আগামী ২৩ জুলাই শনিবার বিকাল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই মিছিল বের করা হবে বলে সোমবার সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গত ১ জুলাই রাজধানীর কূটনীতিকপাড়া গুলশানের হলি আর্টিজান বেকারিতে অস্ত্র ও বিস্ফোরক নিয়ে হানা দেয় একদল তরুণ। হামলার খবর শুনে গিয়ে গুলি ও বোমায় নিহত হন দুই পুলিশ কর্মকর্তা।
এর ১২ ঘণ্টা পর শনিবার সকালে সশস্ত্র বাহিনীর নেতৃত্বে অভিযান চালিয়ে ক্যাফেটি নিয়ন্ত্রণে আনার পর জানানো হয়, হামলাকারীরা ১৭ বিদেশিসহ ২০ জনকে ধারাল অস্ত্রের আঘাতে হত্যা করে।
গুলশান ঘটনার রেশ না কাটতেই ৭ জুলাই ঈদের দিন কিশোরগঞ্জের শোলাকিয়ায় দেশের বৃহৎ ঈদ জামাতের এক কিলোমিটারের মধ্যে জঙ্গি হামলায় ঘটনায় দুই পুলিশসহ চারজন নিহতের ঘটনা ঘটে।
এই প্রেক্ষাপটে সাংস্কৃতিক জোটের ডাকা কর্মসূচির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি গুলশানে জঙ্গি হামলায় নিহত দেশি-বিদেশি নাগরিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং মানবিকতাবোধ ও স্বদেশ চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশবাসীকে অনুরূপ সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়ে সর্বস্তরের নাগরিকদের সমন্বয়ে ‘গান-কবিতার মিছিল’ বের হবে।
মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে শাহবাগ, সোনারগাঁও হোটেল, হাতিরঝিল, গুলশান-১, গুলশান-২ হয়ে হলি আর্টিজান বেকারি চত্বরে পৌঁছে প্রদীপ প্রজ্জালনের মাধ্যমে শেষ হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
