২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দশ হাজার নার্স নিয়োগে শূন্যপদে কোটা শিথিল

শূন্যপদে প্রায় ১০ হাজার সিনিয়র স্টাফ নার্স নিয়োগে কোটা শিথিলের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2016, 03:26 PM

Updated : 20 Aug 2022, 01:14 PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে নয় হাজার ৬১৬ জন সিনিয়র স্টাফ নার্স সরাসরি নিয়োগে কোটা শিথিলের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, এই প্রস্তাব অনুমোদনের ফলে সিনিয়র স্টাফ নার্স পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে বিশেষ কোটার কোনো পদ যোগ্য প্রার্থীর অভাবে পূরণ করা সম্ভব না হলে  জাতীয় মেধা তালিকার শীর্ষে অবস্থানকারী প্রার্থীদের দিয়ে তা পূরণ করা যাবে।

কেন কোটা পদ্ধতি শিথিল করা হল- এমন প্রশ্নে শফিউল বলেন, “এখন মহিলাদের মধ্যে মুক্তিযোদ্ধা পাবেন কই? মুক্তিযোদ্ধাতো নাইই আসলে এখন। যাদের জন্ম একাত্তর সালের পরে, এরাই হল কেন্ডিডেট। (মুক্তিযোদ্ধা প্রার্থী) পাওয়া যাচ্ছে না, সন্তান, নাতি-পুতিসহ পাচ্ছি না কাউকে।”

সচিব বলেন, “লোক পাওয়া যাচ্ছে না, কিন্তু পদ ফাঁকা থাকবে কেন? নয় হাজার ৬১৬টি শূন্য পদ পূরণের জন্য কোটা শিথিল করা হয়েছে।”

নয় হাজার ৬১৬টি শূন্য পদ পূরণ হয়ে গেলে ভবিষ্যতে আবার কোটা শিথিলের জন্য নতুন করে মন্ত্রিসভার অনুমতি নিতে হবে বলে মন্ত্রিপরিষদ সচিব জানান।

তিনি বলেন, তিন হাজার ৬১৬টি সিনিয়র স্টাফ নার্স পদে নিয়োগে যাদের মৌখিক পরীক্ষা চলছে তারাও এই সুযোগ পাবেন।

এর আগে ৩৪তম ও ৩৫তম বিসিএসে কারিগরি ও পেশাগত ক্যাডারে শূন্যপদে কোটা শিথিলের প্রস্তাবে সায় দিয়েছিল মন্ত্রিসভা।

সোমবারের মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট আইনের খসড়াতেও অনুমোদন দেওয়া হয়েছে।

আগে থেকেই আইনটি ছিল জানিয়ে শফিউল বলেন, “আইনের কতগুলো সংশোধনী হয় সামরিক শাসনামলে। এ কারণে এটাকে নতুনভাবে সাজিয়ে আনা হয়েছে। সবগুলো মিলিয়ে কম্পোজিট ল’ আকারে আনা হয়েছে। আগের তুলনায় পরিসর বেড়েছে।”

নতুন আইন হলে সরকারের অনুমোদন নিয়ে পাট গবেষণা ইনস্টিটিউট দেশের যে কোনো স্থানে নতুন শাখা খুলতে পারবে।

আইনের অন্য বিষয়গুলো আগের মতোই রাখা হয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এ আইনের আলোকে আঁশজাতীয় ফসল উৎপাদন ও গবেষণা; পাটবীজ উৎপাদন, সরবারহ, সংগ্রহ ও বিতরণ ছাড়াও পাটজাত পণ্য নিয়ে গবেষণায় বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন ও কৃষকদের প্রশিক্ষণের আয়োজন করা যাবে।

পুরনো খবর:

দুই বিসিএসে শূন্যপদে কোটা শিথিল