২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের ‘শেকড়’ জানো: শিক্ষার্থীদের প্রতি অধ্যাপক মান্নান

জঙ্গিবাদ ও উগ্রবাদ থেকে রক্ষা পেতে বাঙালির রক্তদানের ইতিহাস জানতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2016, 08:49 PM

Updated : 11 Oct 2022, 08:30 PM

শনিবার বিকালে ঢাকার আদমজী ক্যান্টনমেন্ট কলেজে এক অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে এই আহ্বান জানিয়ে তিনি বলেন, “এখানকার প্রায় সাড়ে ছয়শ’ অংশগ্রহণকারীর অধিকাংশ ইংরেজি মাধ্যম পড়ুয়া। একই সঙ্গে বাংলা মাধ্যমের শিক্ষার্থীরাও আছে। তোমরা যে মাধ্যমে পড়ো না কেন, যদি দেশকে না জানো তাহলে শেকড়বিহীন উদ্বাস্তু হয়ে যাবে। দেশের ইতিহাস না জেনে শেকড়বিহীন উদ্বাস্তু হয়ো না।

“যে দেশের শেকড়ে ৩০ লাখ শহীদের রক্ত মিশে আছে, সে শেকড় জানলে কারও পক্ষে জঙ্গিবাদী হওয়া সম্ভব নয়। তোমরাও সেই শেকড়কে জানো এবং দেশকে ভালবাসো।”

জাতিসংঘ যুব ও ছাত্র সমিতি বাংলাদেশ (ইউনিস্যাব) আয়োজিত চার দিনব্যাপী বাংলাদেশ ছায়া জাতিসংঘ সম্মেলনের (বানমুন) সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ইউজিসি চেয়ারম্যান।

চারদিনের সম্মেলনে সারা দেশের স্কুল-কলেজের প্রায় সাড়ে ছয়শ’ শিক্ষার্থী জাতিসংঘ সাধারণ অধিবেশনের আদলে ছায়া সম্মেলনে অংশ নেয়।

এই সম্মেলনে শিক্ষার্থীরা মোট ১০টি কমিটিতে জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহের প্রতিনিধি হয়ে নিজ দেশের অবস্থান তুলে ধরে।

অনুষ্ঠানে আদমজী ক্যান্টনমেন্ট কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল তামিম আহমেদ চৌধুরীও জঙ্গিবাদ থেকে দূরে থাকতে পড়াশুনার প্রতি জোর দেওয়ার উপদেশ দেন শিক্ষার্থীদের।

তিনি বলেন, “বিশ্বব্যাপী উগ্রবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে। তরুণদেরকে উগ্র ও জঙ্গিবাদী মতবাদ শিক্ষা দেওয়া হচ্ছে। আমাদের আশপাশের অনেকেও মানুষ হত্যার এই হাস্যকর মতবাদে জড়িয়ে পড়ছে।

“তোমরা এর থেকে দূরে থাকতে হলে পড়াশোনা কর, অধ্যয়ন কর। সেক্ষেত্রে নিজেরা কোনো কিছু না বুঝলে সেটার জন্য শিক্ষক-বাবা-মাসহ বড়দের দ্বারস্থ হও।”

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের চেয়ারম্যান সৈয়দ শাইখ ইমতিয়াজ, সংসদ সদস্য নাহিম রাজ্জাক, ইউনিস্যাবের সভাপতি মামুন মিয়া বক্তব্য দেন।