ব্যাগ নিয়ে ঈদ জামাতে নয়: পুলিশ
জাতীয় ঈদগাহে ঈদ জামাতে যাওয়ার সময় কোনো ধরনের ব্যাগ সঙ্গে না নিতে অনুরোধ করেছে ঢাকা মহানগর পুলিশ।
মঙ্গলবার ঈদগাহ ময়দানের নিরাপত্তা প্রস্তুতি পরিদর্শনে এসে ঢাকার পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া সাংবাদিকদের বলেন, “জননিরাপত্তার স্বার্থে কেউ সঙ্গে ব্যাগ আনবেন না। কেবল জায়নামাজ নিয়ে আসবেন। ময়দান বা জাতীয় মসজিদে ব্যাগসহ কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না।”
নগরবাসীর নিরাপত্তা বিবেচনায় ঈদ জামাতে এ ধরণের সতর্কতা নেওয়া হয়েছে বলে জানান তিনি।
গত শুক্রবার ঢাকার গুলশানে বাংলাদেশের ইতিহাসে নজীরবিহীন জঙ্গি হামলায় ২০ জন নিহত হওয়ার পর এক সপ্তাহ পার না হলেই রোজার ঈদ পালন করতে যাচ্ছে বাংলাদেশের মানুষ।
বরাবরের মত এবারও রাজধানী ঢাকায় ঈদুল ফিতরের প্রধান জামাত হবে জাতীয় ঈদগাহ ময়দানে, সকাল সাড়ে ৮টায়। রাষ্ট্রপতিসহ অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সেখানে ঈদের নামাজ পড়বেন। বায়তুল মোকাররম মসজিদেও ঈদের পাঁচটি জামাত হবে।
এসব এলাকার পাশাপাশি মহানগরীর সব মসজিদের নিরাপত্তা বাড়ানো হচ্ছে বলেও ডিএমপি কমিশনার জানান।
তিনি বলেন, “ঈদ উপলক্ষে সমগ্র মহানগরীতে আমরা নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা নিয়েছি। তিনদিন আগে থেকে জাতীয় মসজিদ ও ঈদগাহের নিরাপত্তা কার্যক্রম শুরু হয়েছে। ঈদের দিন তা আরও শক্তিশালী করা হবে।”
ঈদগাহ ময়দানের আশপাশে ছয়টি চেকপোস্ট থাকবে। যতগুলো ‘এন্ট্রি পয়েন্ট’ আছে প্রত্যেকটির আগে এসব চেকপোস্টে সবার দেহ তল্লাশি করা হবে।
“প্রত্যেককে আর্চওয়ে আর হ্যান্ড মেটাল ডিটেক্টরে সার্চ করে ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে।”
নিয়মিত বাহিনীর পাশাপাশি গোয়েন্দা পুলিশ, সাদা পোশাকের পুলিশসহ বিভিন্ন বাহিনীর সমন্বয়ে ঈদগাহ ও বায়তুল মোকাররম ঘিরে ‘নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়’ গড়ে তোলা হবে বলে জানান আছাদুজ্জামান মিয়া।
“নগরবাসী যেন উৎসবমুখর পরিবেশে নিরাপদে ঈদ উদযাপন করতে পারে সেজন্য রাজধানীজুড়ে চেকপোস্ট, তল্লাশি, মোবাইল পেট্রোল, ফুট পেট্রোল, মোটরবাইক পেট্রোলের ব্যবস্থা করা হয়েছে।”
নিরাপত্তার ‘ঘাটতি পূরণে’ নগরবাসীর সহযোগিতাও প্রত্যাশা করেন এ পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, “একটি চক্র এদেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করার অপচেষ্টা চালিয়ে আসছে। সেজন্য আমাদের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা ব্যাবস্থা নেওয়া হয়েছে। এক্ষেত্রে সম্মানিত নগরবাসী আমাদের সহযোগিতা করবেন এমনটাই প্রত্যাশা করছি।”
