২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের প্রধান জামাত সাড়ে ৮টায়

প্রতি বছরের মতো এবারও রোজার ঈদের প্রধান জামাত হাই কোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2016, 04:51 PM

Updated : 20 Aug 2022, 01:08 PM

বায়তুল মুকাররম জাতীয় মসজিদের জ্যেষ্ঠ পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান প্রধান ঈদ জামাতে ইমামতি করবেন বলে ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিকল্প ইমাম হিসেবে থাকবেন শায়খুল হাদীস মাওলানা সৈয়দ ওয়াহীদুয্যামান।

পাশাপাশি বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আরও পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৬ বা ৭ জুলাই ঈদ-উল-ফিতর বা রোজার ঈদ হতে পারে। বায়তুল মোকাররমে ঈদের দিন সকাল ৭টায় প্রথম জামাত, সকাল ৮টায় দ্বিতীয়, সকাল ৯টায় তৃতীয়, সকাল ১০টায় চতুর্থ ও বেলা পৌনে ১১টায় সর্বশেষ জামাত অনুষ্ঠিত হবে।

আবহাওয়া প্রতিকূল হলে প্রধান জামাত সকাল ৯টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে হবে বলে ধর্ম সচিব মো. আব্দুল জলিল গত ১৪ জুন সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের জানিয়েছিলেন।

নারীদের জন্য ঈদগাহে নামাজ পড়ার আলাদা ব্যবস্থা রাখা হবে। এছাড়া বিদেশি রাষ্টদূত ও কূটনৈতিকদের ঈদের নামাজের জন্য আলাদা জায়গা সংরক্ষণ করা হবে বলে সাংবাদিকদের জানান তিনি।

সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদের দিন সকাল ৮টায় বাংলাদেশ জাতীয় সংসদের  দক্ষিণ প্লাজায় ঈদ জামাত হবে।

জাতীয় সংসদের প্রধান হুইপ, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ আশপাশের এলাকার বাসিন্দারা এ জামাতে অংশ নেবেন।

চাঁদ দেখা কমিটির সভা মঙ্গলবার

শাওয়াল মাসের চাঁদ দেখতে মঙ্গলবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।

ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে সন্ধ্যা সাড়ে ৭টায় এই সভা হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সভায় সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান।

বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা গেলে ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ টেলিফোন এবং ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১ নম্বরে ফ্যাক্স করে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।