২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদযাত্রার টিকেট পেতে বাস কাউন্টারে ভিড়

রোজার ঈদ সামনে রেখে রাজধানী থেকে দেশের বিভিন্ন গন্তব্যের যাত্রীদের জন্য পরিবহন সংস্থাগুলোর কাউন্টার থেকে বাসের আগাম টিকেট বিক্রি শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2016, 12:03 PM

Updated : 11 Oct 2022, 08:24 PM

অগ্রিম টিকেট বিক্রির প্রথম দিন সোমবার সকালে গাবতলী টার্মিনাল এবং কল্যাণপুর ও মিরপুর মাজার রোডের কাউন্টারগুলোয় দেখা গেছে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের টিকেটপ্রত্যাশীদের দীর্ঘ লাইন।

নির্দিষ্ট সময়ের অনেক পরে টিকেট দেওয়া শুরুর কারণে ভোগান্তির অভিযোগ করেছেন তারা; সেই সঙ্গে টিকেটের দামও বেশি নেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন কেউ কেউ।

কল্যাণপুরে হানিফ পরিবহনের কাউন্টারে কথা হয় ঢাকার উত্তরার বাসিন্দা ব্যবসায়ী ইকবাল হোসেনের সঙ্গে। ঈদে তিনি যাবেন দিনাজপুর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে তার অভিযোগ, ভোর ৫টা থেকে সোয়া ১০টা পর্যন্ত দাঁড়িয়ে থেকেও টিকেট পাননি।

কল্যাণপুরে টিআর পরিবহনের কাউন্টারে ভোর ৫টা থেকে টিকেটের জন্য ভিড় জমান অনেকে। তাদের অভিযোগ, সকাল ৬টা থেকে টিকেট বিক্রি শুরুর কথা থাকলেও দেড় ঘণ্টা পরে কাউন্টার খোলা হয়েছে, টিকেট দেওয়াও হচ্ছে খুব ধীর গতিতে।

সকাল ১০টার দিকে রোদের মধ্যেই এই কাউন্টারের বাইরে নানা বয়সী মানুষকে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমরোজ এসেছিলেন নওগাঁর টিকেট নিতে; তিনি বলেন, “সাড়ে ৫টার দিকে কাউন্টারে এসেছিলাম। প্রায় তিন ঘণ্টা অপেক্ষার পৌনে ৮টার সময় টিকেট পেয়েছি।

“আজকে সকালে রোদ প্রচণ্ড থাকায় গরমে খুব কষ্ট হয়েছে।”

দেরির কথা স্বীকারও করলেন কাউন্টার ব্যবস্থাপক মোতাহার হোসেন।

তিনি বলেন, “কাউন্টারের স্টাফদের আসতে দেরি হওয়ায় গুছিয়ে উঠতে একটু সময় লেগেছে।”

টিআর পরিবহনের কাউন্টারে রাজশাহীর টিকেট নিতে আসা শামীমুল হাসান জানালেন ভাড়া বেশি নেওয়ার কথা।

“ঢাকা থেকে রাজশাহীর ভাড়া ৪৫০-৫০০ টাকা নেওয়া হতো। এখন ৫৬০ টাকা নেওয়া হচ্ছে,” অভিযোগ তার।

টিকেটের দাম বেশি রাখার অভিযোগ অস্বীকার করে মোতাহার হোসেন বলেন, “আমরা বিআরটিএ নির্ধারিত ভাড়াই নিচ্ছি।”

গাবতলীতে হানিফ পরিবহনের কাউন্টার ব্যবস্থাপক মোশাররফ হোসেন জানান, ঢাকা থেকে দিনাজপুর পর্যন্ত বিআরটিএর নির্ধারিত ভাড়া ৬৩০ টাকা। আগে তারা কিছুটা কমই নিতেন, এখন নিচ্ছেন সরকার নির্ধারিত ভাড়া।

তবে টিকেট হাতে হাতে পাওয়ার পর সব অভিযোগ আর কষ্ট ভুলেছেন সবাই।

মিরপুর বাংলা কলেজের ছাত্র আসাদ দিনাজপুরের অগ্রিম টিকেট নিয়েছেন হানিফ পরিবহন থেকে।

তিনি বলেন, “এখানে এসে সেহরি খেয়েছি। টিকেট পেলাম ১০টা ৪০ মিনিটে। ৫৩০ টাকার টিকেট ৬৩০ টাকা নিয়েছে। তারপরও ভালো লাগছে, বাড়ি যেতে পারব।”

তবে গাবতলী, কল্যাণপুর, মাজার রোডের বিপরীত চিত্র দেখা গেছে সায়েদাবাদ বাস টার্মিনালে।এখানে কাউন্টারগুলোয় অন্যান্য দিনের মত স্বাভাবিকভাবেই টিকেট বিক্রি হতে দেখা গেছে।

শ্যামলী পরিবহনের কাউন্টার ব্যবস্থাপক মোহাম্মদ সেলিম বলেন, এখানে অগ্রিম টিকেটের কোনো ‘কারবার’ নেই। মানুষ যখন আসে তখন টিকেট নিয়ে চলে যায়। নির্দিষ্ট সময় দিয়ে টিকেট বিক্রির প্রয়োজন পড়ে না।

“তবে কেউ অগ্রিম টিকেট নিতে চাইলে সহজে পেয়ে যাচ্ছে। আমাদের এখান থেকে আজকে ৫ জুলাইয়ের একটি টিকেট বিক্রি হয়েছে মাত্র।”

গত ৭ জুন থেকে বাংলাদেশে রোজা শুরু হয়েছে। এক মাস রোজার পর চাঁদ দেখা সাপেক্ষে ৬ বা ৭ জুন হতে পারে ঈদুল ফিতর। ৫, ৬ ও ৭ জুন সরকারি ছুটি রয়েছে। ঈদ ৭ জুন হলে ছুটি আরও একদিন বাড়বে।

মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঘিরে প্রতিবছরই নগরের বাসিন্দাদের একটি বড় অংশ পরিবারের সঙ্গে মিলিত হতে গ্রামে ছুটে যান।

ঈদে ঘরমুখো মানুষের জন্য ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি বুধবার থেকে প্রতিদিন সকাল ৮টায় বিক্রি শুরু হবে। একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকেট কিনতে পারবেন।

২২ জুন পাওয়া যাবে ১ জুলাইয়ের আগাম টিকেট। ধারাবাহিকভাবে ২৩ থেকে ২৬ জুন ‍পর্যন্ত কেনা যাবে ২ থেকে ৫ জুলাইয়ের টিকেট।

ফিরতি টিকেট বিক্রি শুরু হবে ৪ জুলাই থেকে, চলবে ৮ জুলাই পর্যন্ত। ওই সময়ে ৮ থেকে ১২ জুলাইয়ের ফিরতি টিকেট পাওয়া যাবে।