প্রধানমন্ত্রীর উদ্যোগে অর্থনীতিতে বাকবদল: ইনু
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ বাংলাদেশের অর্থনীতিতে বাকবদল ঘটাচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
সচিবালয়ে বুধবার ‘শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ ব্রান্ডিং’ কর্মসূচির উদ্বোধন করে তিনি বলেন, এসব উদ্যোগ ‘অর্থনীতিতে দিকবদল ঘটাচ্ছে, জীবনযাত্রা উন্নত করছে, বৈষম্য কমাচ্ছে এবং সমৃদ্ধি অর্জন করতে সাহায্য করছে’।
আওয়ামী লীগ সরকারের নেওয়া ১০টি কর্মসূচিকে ‘শেখ হাসিনার বিশেষ উদ্যোগ’ নাম দিয়ে দেশব্যাপী তা প্রচার করবে সরকার।
এসব উদ্যোগের মধ্যে রয়েছে পল্লীর দারিদ্র্য বিমোচনে দক্ষতা ও আয়বর্ধক কর্মসূচি হিসেবে ‘একটি বাড়ি একটি খামার প্রকল্প’; ছিন্নমূল, গৃহহীন মানুষদের মাথাগোজার ঠাঁই করে দেওয়ার জন্য ‘আশ্রয়ন প্রকল্প’; ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ার পথে সরকারের সব স্তরে ই-গভর্নেন্স বাস্তবায়নে সরকারি উদ্যোগ; বিনামূল্যে বই বিতরণ ও উপবৃত্তি দেওয়ার ‘শিক্ষা সহায়তা কার্যক্রম’ এবং সবক্ষেত্রে নারীর অংশগ্রহণ ও ক্ষমতায়নে ‘নারীর ক্ষমতায়ন কার্যক্রমসমূহ’।
এছাড়া সবার জন্য বিদ্যুৎ নিশ্চিত করতে ‘সবার জন্য বিদ্যুৎ’, স্বাস্থ্যসেবা গ্রামের মানুষের দোরগোড়ায় পৌঁছাতে ‘কমিউটনিটি ক্লিনিক ও শিশু বিকাশ’, যুব সমাজকে স্বাবলম্বী করতে ১২৮টি সামাজিক নিরাপত্তা বেষ্টনি কার্যক্রমের ‘সামাজিক নিরাপত্তা কর্মসূচি’, ‘বিনিয়োগ বিকাশ’ এবং ‘পরিবেশ সুরক্ষা’ শেখ হাসিনার বিশেষ উদ্যোগের মধ্যে স্থান পেয়েছে।
এসব উদ্যোগ নিয়ে তথ্যমন্ত্রী ইনু বলেন, “শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতিতে দিকবদলের সূচনা ঘটেছে।
“সেই দিকবদলের সূচনার দিকে তাকালে দেখা যায় গত সাত বছরে বিশেষ কিছু পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সেই পদক্ষেপগুলো শেখ হাসিনার পরামর্শ ও প্রেরণায় অর্থনীতিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।”
১০টি বিশেষ উদ্যোগকে জনগণের দোরগোড়ায় নিয়ে যেতে কর্মপরিকল্পনার প্রয়োজনীয়তার কথা বলেন তথ্যমন্ত্রী ইনু।
প্রতিটি উদ্যোগ নিয়ে একাধিক ভিডিওচিত্র নির্মাণ করতে কর্মকর্তাদের পরামর্শ দেন তথ্যমন্ত্রী। এই উদ্যোগগুলোর প্রচারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সহযোগিতাও চান তিনি।
এসব উদ্যোগ নিয়ে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর নির্মিত ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।
এই ভিডিওচিত্রগুলো বিভিন্ন বেসরকারি টেলিভিশন ও সংসদ টিভিতে সম্প্রচার, ডিভিডি আকারে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো ছাড়াও সেগুলোর মানোন্নয়নের পরামর্শ দেন কর্মকর্তারা।
প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আবুল কালাম আজাদ, তথ্য সচিব মরতুজা আহমদ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম, সমাজকল্যাণ সচিব চৌধুরী মো. বাবুল হাসান, পরিবেশ ও বন সচিব কামাল উদ্দিন আহমেদ ছাড়াও সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং তথ্য মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তরের শীর্ষ কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
