২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গেণ্ডারিয়ায় গ্রেপ্তার ৭ ‘ডাকাত’ ধর্ষণ মামলারও আসামি: পুলিশ

পুরান ঢাকার গেণ্ডারিয়ায় গোলাগুলির পর অস্ত্রসহ গ্রেপ্তার সাত ‘ডাকাত’ ধর্ষণ মামলারও আসামি বলে জানিয়েছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2016, 01:08 PM

Updated : 20 Aug 2022, 12:57 PM

তারা হলেন, মিলন ওরফে ভ্যান মিলন ওরফে সজীব (২৭), স্বপন (২৫), সজীব ওরফে রাজু ওরফে কাজল (২২), মাসুদ ওরফে কালা মাসুদ (২২), মিন্টু (২১), রনি (২৩) ও সাগর (২১)।

পুলিশের গণমাধ্যম কার্যালয়ে এক ব্রিফিংয়ে ওয়ারী জোনের উপ-কমিশনার সৈয়দ নুরুল ইসলাম বলেন, “আটকরা একাধিক মামলার আসামি। তারা একটি গণধর্ষণ মামলারও আসামি এবং আরেকটি গণধর্ষণ মামলায় তাদের কয়েকজন আসামি।” 

শনিবার মধ্যরাতের পর গেন্ডারিয়া থানার নামাপাড়া মসজিদ এলাকায় ওই গোলাগুলির ঘটনায় এক পুলিশ কর্মকর্তাসহ চার জন আহত হন বলে জানান গেণ্ডারিয়া থানার এএসআই ইলামনি সাহা।

প্রায় একই সময়ে পুরান ঢাকারই ওয়ারী থানা এলাকা থেকে ডাকাতির প্রস্তুতির সময় আরও সাত জনকে আটক করা হয় বলেও জানান উপ-কমিশনার নুরুল ইসলাম।

ব্রিফিংয়ে গেণ্ডারিয়ার ঘটনা সম্পর্কে তিনি বলেন, “আটকদের মধ্যে মিলন, রাজু ও কালা মাসুদ গুলিবিদ্ধ হয়েছে। তারা ওই এলাকায় সংঘবদ্ধভাবে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।”

এএসআই ইলামনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ১টার দিকে নামাপাড়া মসজিদের পাশের এক বাড়িতে একদল লোক ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বলে পুলিশের কাছে খবর আসে।

“পুলিশের একটি দল নিয়ে থানার ওসি মিজানুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হলে ডাকাত দল টের পেয়ে যায়। তারা পুলিশের দিকে গুলি ছোড়া শুরু করলে একটি গুলি ওসি স্যারের বাঁ পায়ে গিয়ে লাগে।

“পুলিশ পাল্টা গুলি ছুড়লে তিন ডাকাত আহত হয়। পরে সাত ডাকাতকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।”

তাদের কাছে একটি পিস্তল ও ছয়টি গুলিসহ বেশ কয়েকটি দেশি আগ্নেয়াস্ত্র পাওয়া যায় বলে জানান এএসআই ইলামনি।

তিনি জানান, গুলিবিদ্ধগেণ্ডারিয়া থানার ওসি মিজানুরকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানিয়েছেন, শনিবার রাত আড়াইটার দিকে তিন ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় ভর্তি করা হয়েছে।

পুরনো খবর:

ঢাকায় গোলাগুলির পর ৭ ‘ডাকাত’ গ্রেপ্তার, ওসি আহত