রোয়ানুতে ৪০ হাজার একর ফসলের ক্ষতি
ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে উপকূলীয় ছয় জেলার ৪০ হাজার ২৪৩ একর জমির ফসলের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
রোয়ানুর আঘাতে ক্ষতিগ্রস্ত জেলার জেলা প্রশাসকদের কাছ থেকে তথ্য নিয়ে মন্ত্রণালয়ের জাতীয় দুর্যোগ সাড়াদান ও সমন্বয় কেন্দ্র (এনডিআরসিসি) বুধবার হালনাগাদ এ তথ্য প্রকাশ করেছে।
বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমের প্রথম ওই ঘূর্ণিঝড় গত ২১ মার্চ বাংলাদেশে আঘাত হানে।
এনডিআরসিসি প্রতিবেদন বলা হয়েছে, রোয়ানুর আঘাতে দুই লাখ ৭২ হাজার ৫৭৮টি পরিবারের ১১ লাখ ৯৭ হাজার ৯৯৩ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ৫০ হাজার ৫০১টি ঘরবাড়ি সম্পূর্ণ এবং ১ লাখ ২১ হাজার ৪৯৪টি ঘরবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, রোয়ানুর আঘাতে ৮৯টি শিক্ষা প্রতিষ্ঠান ও ১৪৮টি ধর্মীয় প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। ২৭ জন মানুষের সঙ্গে মারা গেছে ১৩ হাজার ৪৯৩টি গবাদি পশু।
ঘূর্ণিঝড়ে ৩৯ হাজার ৪২০ একর জমির ফসলের আংশিক এবং ৮২৩ একরের সম্পূর্ণ ক্ষতি হয়েছে। এরমধ্যে কক্সবাজারের ৮২৩ একর জমির ফসল সম্পূর্ণ এবং ১৩ হাজার ২৮০ একরের আংশিক ক্ষতি হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ভোলার ১৪ হাজার ৮৩২ একর, চট্টগ্রামের ৫ হাজার ৪০৪ একর, লক্ষ্মীপুরের ১৪০ একর, ফেনীর ৯৯৭ একর এবং বরিশালের ৪ হাজার ৭৬৭ একর জমির ফসলের আংশিক ক্ষতি হয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, রোয়ানু আঘাত হানার আগে উপকূলীয় এলাকার ৩ হাজার ৭৯৬টি আশ্রয়কেন্দ্রে ৪ লাখ ৯৬ হাজার ২৬০ জন মানুষ আশ্রয় নেয়।
ঝড়ে ক্ষতিগ্রস্তদের ৭ হাজার ৫৭৪ টন চাল, নগদ ২৭ লাখ ৮২ হাজার ৫০০ টাকা, ১১ হাজার ৬৩ বাল্ডিল ঢেউটিন এবং ঘর তৈরিতে ঢেউটিনে কিনতে ৩ কোটি ১৪ লাখ ৬২ হাজার টাকা দেওয়া হয়েছে।
রোয়ানুর আঘাতে নিহত ২৭ জনের পরিবারকে ২০ হাজার টাকা করে দেওয়া হয়েছে বলে এনডিআরসিসির প্রতিবেদনে জানানো হয়েছে।
