জ্বালানি খাতে সহযোগিতার আশ্বাস কাতারের
কাতারের জ্বালানি ও শিল্পমন্ত্রী ড. মোহাম্মেদ সালেহ আল সাদার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
রোববার দোহায় এ সাক্ষাতে পারষ্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য অফিসার মীর মোহাম্মদ আসলাম উদ্দিন।
বৈশ্বিক অর্থনৈতিক মন্দার মধ্যে বাংলাদেশের প্রবৃদ্ধি নিয়ে বৈঠকে প্রশংসা করেন সালেহ আল সাদা।
এছাড়া এলএনজি রপ্তানি, অভিজ্ঞতা ও প্রযুক্তি বিনিময়সহ জ্বালানি খাতে যেকোনো সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন তিনি।
এ সময় প্রতিমন্ত্রী নসরুল হামিদ বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন কার্যক্রম সম্পর্কে কাতারের মন্ত্রীকে সংক্ষিপ্ত ধারণা দেন।
১৬তম দোহা ফোরামে অংশ নিতে নসরুল হামিদ বর্তমানে কাতারে রয়েছেন।
