পেটের ভিতরে মিলল ১৫ সোনার বার
মালয়েশিয়া ফেরত এক যাত্রীর কাছ থেকে দেড় কেজি ওজনের ১৫টি সোনার বার উদ্ধার করা হয়েছে, যিনি তলপেটে এসব সোনা এনেছেন বলে শুল্ক গোয়েন্দারা জানিয়েছেন।
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীর বাসিন্দা সম্রাট ছাহল বৃহস্পতিবার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন।
শুল্ক ও গোয়েন্দা বিভাগের মহাপরিচালক মঈনুল খান বলেন, ওই ব্যক্তি ব্যাগ নিয়ে ইমিগ্রেশনের দিকে এগোতে থাকলে শুল্ক গোয়েন্দরা তাকে বাধা দেন। অনেকক্ষণ জিজ্ঞাসাবাদেও কোনো কিছু স্বীকার না করায় তাকে হাসপাতালে নেওয়া হয়।
এরপর গোয়েন্দারা পেট কেটে সোনার বারগুলো বের করতে চাইলে সম্রাট টয়লেটে গিয়ে সেগুলো বের করে আনেন বলে জানান তিনি।
ওই ফ্লাইটে আসা চাঁদপুরের কচুয়ার অধিবাসী এম এস ভুইয়া একটি সোনার বারসহ ৫৫০ গ্রাম সোনাসহ আটক হন বলে মঈনুল খান জানান।
