রাজধানীতে দুই কিশোরীর লাশ
রাজধানীর মিরপুর ও দক্ষিণখান থানা এলাকায় দুই কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তারা আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
সোমবার রাতে মারা যাওয়া এই দুই কিশোরীর নামই এক। একজনের নাম জান্নাতুল ফেরদৌস (১৭), অন্যজনের জান্নাতুল ফেরদৌস রূপা (১৭)।
রূপা একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করতেন। অন্য জান্নাত কী করতেন, তা জানা যায়নি। দুজনের লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রয়েছে।
মিরপুর থানার এসআই নাসির উদ্দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের বলেন, সোমবার রাত সাড়ে ১০টায় ১৩৭/১ দক্ষিণ পীরের বাগের একটি বাসা থেকে রুপার লাশ উদ্ধার করা হয়।
“ঘরের মধ্যে খাটের উপর কাত হওয়া ছিল সে,” বলেন তিনি।
রূপার বাবার নাম বাদল সরকার। তাদের বাড়ি মাদারীপুর জেলার হাটমাঝি এলাকায়। পীরেরবাগে তিনি পরিবার নিয়ে থাকেন।
স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
দক্ষিণখানের বনবীথি আবাসিক এলাকার বাসা থেকে রাত ১০টার দিকে অন্য জান্নাতের লাশ উদ্ধার করে পুলিশ।
দক্ষিণখান থানার এসআই নান্নু খান বলেন, “ভাড়া বাসায় ঘরের আড়ার সঙ্গে তার লাশ ঝুলছিল।”
জান্নাতের বাবা মিন্টু খাঁ ওই এলাকার কমিউনিটি পুলিশের সিকিউরিটি গার্ড। চার ভাই বোনের মধ্যে জান্নাত ছিল মেজ।
পারিবারিক বিষয় নিয়ে ঝগড়ার পর জান্নাত আত্মহত্যা করেন বলে তার স্বজনরা পুলিশকে জানিয়েছে।
দুটি মৃত্যুকেই আত্মহত্যা বলে ধারণা করছে মিরপুর ও দক্ষিণখান থানা পুলিশ।
