২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমস্যা ‘চিহ্নিত’ করতে পেরেছেন মেয়র খোকন

দায়িত্ব নেওয়ার এক বছর পর রাজধানীর সমস্যাগুলো চিহ্নিত করতে পেরেছেন জানিয়ে সমাধানের জন্য নগরবাসীর কাছে সময় চেয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2016, 05:33 PM

Updated : 11 Oct 2022, 08:15 PM

মেয়র হিসেবে এক বছর পূর্তিতে রোববার সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “ঢাকার মতো একটি সমস্যাবহুল শহরের সঙ্কটের দৃশ্যমান সমস্যা এক বছরে সমাধান সম্ভব না।

“এজন্য প্রয়োজন সমস্যা ও সঙ্কটের প্রকৃত স্বরূপ খুঁজে বের করা, বাস্তবসম্মত ও টেকসই উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন। এটি চিহ্নিত করতে সক্ষম হয়েছি।”

“ঢাকাকে বাসযোগ্য করে তুলতে এক বছর ধরে সবাই নিরলসভাবে কাজ করছি। পরিকল্পনা বাস্তবায়ন এরই মধ্যে শুরু হয়েছে...আমার হাতে কোনো ম্যাজিক নেই। আমাকে সময় দিতে হবে,” বলেন তিনি।

অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফের ছেলে সাঈদ খোকন আওয়ামী লীগের মনোনয়নে গত বছর ভোটে জিতে ঢাকা দক্ষিণের মেয়রের দায়িত্ব নেন।

আওয়ামী লীগ নেতাদের নিয়ে সংবাদ সম্মেলনে এসে শুরুতেই নিজের নির্বাচনী এলাকার সবাইকে অভিনন্দন জানান সাইদ খোকন, কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি।

সমস্যা সমাধানে সরকার প্রধানের সহযোগিতা পাওয়ার প্রতিশ্রুতি পেয়েছেন জানিয়ে তিনি বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যখন যে প্রজেক্ট লাগবে তিনি তা পাস করে দেবেন। ঢাকার উন্নয়নে তিনি সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবেন।”

নগরীর জলাবদ্ধতা সমস্যা নিয়ে সাঈদ খোকন বলেন, একটি প্রকল্প নিয়ে কাজ চলছে। তাতে শহরের বিভিন্ন এলাকার ড্রেনগুলো পরিষ্কার করা হবে। এতে জলাবদ্ধতা অনেক কমে আসবে।

ফুটপাত নিয়ে তিনি বলেন, “সকালে রাস্তা হকারমুক্ত করলে বিকালে তারা বসে যায়। যারা বসিয়ে দিচ্ছেন, তাদের মনোভাবের পরিবর্তন চাই। তাদের সহযোগিতা চাই। এই জায়গায় আমি একটু সমস্যায় আছি।”

ঢাকা দক্ষিণ  সিটি কর্পোরেশনে ২০/২৫ লাখ মানুষ থাকলে সমস্যা সমাধান সহজ হত বলে মন্তব্য করেন মেয়র। কিন্তু এই কর্পোরেশনের আওতায় মানুষের সংখ্যা এক কোটি ২০ লাখ।

“আমি সময় নিতে চাই, ধীর গতিতে এগুতে চাই,” বলেন তিনি।

মেয়র হানিফ ফ্লাইওভারের নিচের রাস্তা মেরামতে অনিয়মের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে খোকন বলেন, “তিনজন প্রশাসকের অনিয়মের তদন্ত চলছে। পেছনে ফিরে যেতে চাই না।

“হানিফ ফ্লাইওভার সংলগ্ন রাস্তা ভাঙাচোরা ছিল। এখন ঠিক করার কাজ চলছে। আশা করি, খুব দ্রুত রাস্তাটি টেকসইভাবে নির্মাণ করা সম্ভব হবে।”

সংবাদ সম্মেলনে খোকনের নির্বাচনের প্রধান সমন্বয়ক সংসদ সদস্য আবদুর রাজ্জাক বলেন, ঢাকা শহরের উন্নয়নে কাজ করতে গেলে অনেক প্রতিকূলতা বাধা-বিপত্তি ও চ্যালেঞ্জ রয়েছে। সেটি নিয়েই মানুষের সেবা নিশ্চিত করতে হবে।

“ঢাকার মূল পরিচয় দক্ষিণেই রয়েছে। এখানে হাই কোর্ট, সচিবালয় থেকে শুরু করে অনেক বড় প্রতিষ্ঠান রয়েছে। বাংলাদেশকে পৃথিবীর বুকে তুলে ধরতে ঢাকাকে সুন্দর করতে হবে, আকর্ষণীয় করতে হবে।”

সাবেক মন্ত্রী ফারুক খান বলেন, “স্বচ্ছতা ও জবাবদিহিতা গণতন্ত্রের প্রকাশ। দক্ষিণ সিটি কর্পোরেশনের এক বছরের তথ্যচিত্র প্রদর্শন করা হয়েছে তাতে বোঝা যাচ্ছে কত ভালো কাজ হয়েছে। আগামী চার বছর এই কাজের ধারা অব্যাহত থাকলে চার বছর পর নগরবাসী নতুন ঢাকা পাবে।”