২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশ থেকে আসা কল রেট ২ সেন্টই থাকলো

আন্তর্জাতিক ইনকামিং ফোন কল রেট প্রতি মিনিট ২ সেন্ট নির্ধারণ করে বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) সিদ্ধান্ত বহাল রেখেছে আপিল বিভাগ।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2016, 04:32 PM

Updated : 20 Aug 2022, 12:44 PM

হাই কোর্টের আদেশের বিরুদ্ধে বিটিসিএল ও আইজিডব্লিউ অপরারেটরস ফোরামের করা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) নিষ্পত্তি করে সোমবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেয়।

আদেশের পর বিটিসিএলের কৌসুঁলি ব্যারিস্টার মাসুদ আহমেদ সাঈদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কলরেট বৃদ্ধির সিদ্ধান্ত হাই কোর্ট সালিশের মাধ্যমে নিষ্পত্তি করতে আদেশ দেয়। এই আদেশ বাতিল করে আপিল বিভাগ পৃথক দুটি লিভ টু আপিল নিষ্পত্তি করে দিয়েছে।

“এর ফলে আন্তর্জাতিক ইনিকামিং কলরেট দেড় সেন্ট থেকে ২ সেন্টে উন্নীত করার বিটিসিএলের সিদ্ধান্ত বহাল থাকল। বাংলাদেশি মুদ্রায় দুই সেন্ট প্রায় এক টাকা ষাট পয়সার মতো হবে।”

মামলার বিবরণ থেকে জানা যায়, গত বছরের ২৪ নভেম্বর টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির নির্দেশ মেনে বিটিসিএল এই কল রেট মিনিটে দেড় সেন্ট থেকে ২ সেন্টে উন্নীতি করার সিদ্ধান্ত নিলে তাতে আপত্তি জানিয়ে যুক্তরাজ্যভিত্তিক ক্যারিয়ার অরবিট টেলিকম, টেলিকম এশিয়া সিঙ্গাপুর, ট্রান্সম্যান লিমিটেড সিঙ্গাপুর ও আইটিসি লিমিটেড সিঙ্গাপুর হাই কোর্ট আর্বিট্রেশন আবেদন করে।

শুনানি শেষে চলতি বছরের ৯ ফেব্রুয়ারি হাই কোর্ট ওই চারটি আবেদন নিষ্পত্তি করে কল রেট বৃদ্ধির সিদ্ধান্ত আইন অনুযায়ী সালিশের মাধ্যমে (আর্বিটেশন) নিষ্পত্তির আদেশ দেয়।

এ আদেশ স্থগিত চেয়ে ২৭ এপ্রিল বিটিসিএল লিভ টু আপিল করে। পাশাপাশি আইজিডব্লিউ অপরারেটরস ফোরাম হাই কোর্টের আদেশের বিরুদ্ধে পৃথক লিভ টু আপিল করে। এসব লিভ টু আপিলের ওপর রোববার শুনানি শেষে আপিল বিভাগ সোমবার আদেশের জন্য রাখে।

আদালতে বিটিসিএলের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ব্যারিস্টার মাসুদ আহমেদ সাঈদ। অরবিট টেলিকমের পক্ষে ব্যারিস্টার অনীক আর হক, টেলিকম এশিয়া সিঙ্গাপুরের পক্ষে ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন, ট্রান্সম্যান লিমিটেড সিঙ্গাপুর ও আইটিসি লিমিটেড সিঙ্গাপুরের পক্ষে ব্যারিষ্টার রুহুল কুদ্দুস কাজল এবং আইজিডব্লিউ অপরারেটরস ফোরামের পক্ষে লড়েন আইনজীবী শাহ মঞ্জুরুল হক।