২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ঘটনায় সায়েদাবাদে মা-মেয়ে, খিলক্ষেতে পুলিশের মৃত্যু

সায়েদাবাদের ঘটনাটি ঘটে রোববার রাত ১২টার দিকে। রিকশায় করে গেণ্ডারিয়ার ধুপখোলা এলাকায় বাসায় ফেরার পথে দুর্ঘটনায় পড়েন মাহিনুর বেগম ও তার পাঁচ বছর বয়সী মেয়ে শাহনাজ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2016, 09:22 AM

Updated : 20 Aug 2022, 12:44 PM

মাহিনুরের স্বামী লেবু মিয়া রাত ১টার দিকে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে মেডিকেল ফাঁড়ির আনসার সদস্য মো. শামীম জানান।

যাত্রবাড়ী থানার ওসি আনিসুর রহমান বলেন, “সড়কদ্বীপের সঙ্গে রিকশা ধাক্কা লাগলে মাহিনুর ও শাহনাজ রাস্তায় ছিটকে পড়েন।

“এসময় পেছন থেকে দ্রুতগামী কর্ভাড ভ্যানটি তাদের চাপা দিয়ে চলে যায়।”

ময়না তদন্ত ছাড়া স্বজনরা তাদের লাশ নিয়ে গেছেন বলে ওসি জানান।

এদিকে খিলক্ষেত থানাধীন নিকুঞ্জে সড়কে অন্য দুর্ঘটনাটি ঘটে রাত ১১টার দিকে।

মোটরসাইকেলে করে বাসায় ফেরার পথে দুর্ঘটনায় পড়েন গুলশান থানার এসআই মো. সাইফুল ইসলাম।

ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সাইফুলকে মৃত ঘোষণা করেন বলে তার সহকর্মী এসআই মো. আলমগীর কবির জানান।

খিলক্ষেত থানার ওসি শহীদুল হক বলেন, সাইফুল উত্তরার বাসায় ফিরছিলেন।

“মেরিডিয়ান হাসপাতালের সামনে মোটরসাইকেলের চাকা পিছলে গেলে রাস্তায় পড়ে যান সাইফুল। এসময় উত্তরাগামী আজমির পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়।”

বাসটি জব্দ করা হয়েছে বলে তিনি জানান।

ওসি শহীদুল বলেন, সাইফুল ২০০৫ ব্যাচে সরাসরি এসআই পদে যোগ দিয়েছিলেন।

এক সন্তানের জনক সাইফুলের মরদেহ গ্রামের বাড়ি পাবনার বেড়ায় পাঠানো হয়েছে বলে ওসি জানান।