২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিপিএ-৫ এর খবর আসার ‍কিছুক্ষণ আগে খুন

ঢাকার মিরপুরে ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষের মধ্যে ব্যাটের আঘাতে প্রাণ হারালেন এক কিশোর, সদ্য প্রকাশিত এসএসসির ফলে যার জিপিএ-৫ এসেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2016, 02:22 PM

Updated : 11 Oct 2022, 08:13 PM

বুধবার বেলা ১১টার দিকে কল্যাণপুরের জনতা হাউজিংয়ের ধানক্ষেত মোড়ে সংঘর্ষে বাবুল শিকদারের (১৮) মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।

মিরপুর থানার ওসি ভূঁইয়া মাহবুব হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ক্রিকেট খেলা নিয়ে একদল কিশোরের মারামারির মধ্যে বিধান নামের এক কিশোর ব্যাট দিয়ে বাবুলের মাথায় আঘাত করে। সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, বাবুল মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তার মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যেই পরীক্ষার ফল প্রকাশিত হয়, যাতে তিনি পূর্ণাঙ্গ জিপিএ পেয়েছেন।

খেলার মাঠের বিরোধ নিয়ে ওসি মাহবুব বলেন, “আউট হওয়া নিয়ে বিবাদের শুরু হয়। এরপর বাবুল পরীক্ষার রেজাল্ট প্রকাশ উপলক্ষে আজকের মতো খেলা বন্ধ করতে বলে। এ নিয়ে বিতর্কের এক পর্যায়ে বিধান ব্যাট দিয়ে তার মাথায় আঘাত করে।”

ঘটনার পর বিধান পালিয়ে যায় জানিয়ে তিনি বলেন, তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ ঘটনায় তিন কিশোরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে ওসি জানিয়েছেন।