২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যৌন নিপীড়নের কথা স্বীকার আহসানউল্লাহর সেই শিক্ষকের

ছাত্রীদের যৌন নির্যাতনের দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন গ্রেপ্তার আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহফুজুর রশিদ ফেরদৌস।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2016, 08:16 PM

Updated : 20 Aug 2022, 12:39 PM

ঢাকার মহানগর হাকিম কাজী কামরুল ইসলাম শনিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার জবানবন্দি নেন বলে রোববার আদালতের পুলিশ কর্মকর্তা এসআই পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন।

পরে শিক্ষক ফেরদৌসকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।

এসআই পার্থ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হাকিম ১৫ পৃষ্ঠায় জবানবন্দি নেন।

“গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের পাঁচ ছাত্রীর জবানবন্দি এবং এজাহারে বর্ণিত ঘটনাসহ আরও কিছু তথ্য উল্লেখ করে তিনি (শিক্ষক ফেরদৌস) জবানবন্দি দেন। ঘটনার পুরো দায় তিনি স্বীকার করেছেন।”

তড়িৎ কৌশল বিভাগের সহকারী অধ্যাপক ফেরদৌস বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের দায়িত্ব পালন করে আসছিলেন।

কলাবাগান থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা একটি মামলায় গত ৪ মে ভোরে রমনার একটি ফ্ল্যাট থেকে গ্রেপ্তার করা হয় তাকে।

এর আগে যৌন নিপীড়নের অভিযোগ উঠার পর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তাকে সাময়িক বরখাস্ত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

পুরনো খবর:

যৌন নিপীড়ন: আহসানউল্লাহর শিক্ষক ফেরদৌস দুই দিনের রিমান্ডে
যৌন নিপীড়ন: আহসানউল্লাহর শিক্ষক ফেরদৌস গ্রেপ্তার
যৌন হয়রানি: আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয় শিক্ষক বরখাস্ত