‘স্ত্রীর সঙ্গে রাগ করে’ শরীরে আগুন
রাজধানীর মিরপুরে শরীরে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন এক ব্যক্তি।
রোববার সকালে মিরপুর-১ এর দিয়াবাড়ি সিটি কলোনির কাছে ওই ঘটনার সময় স্বামীকে রক্ষা করতে গিয়ে ওই ব্যক্তির স্ত্রীও দগ্ধ হয়েছেন।
দগ্ধ রোকনুজ্জামান (৪৮) ও তার স্ত্রী আকলিমা বেগমকে (২৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিসা দেওয়া হচ্ছে।
রোকনের শরীরের ৫২ এবং আকলিমার পাঁচ শতাংশ পুড়েছে বলে হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানিয়েছেন।
আহত আকলিমার বরাতে মোজাম্মেল জানান, সকালে আকলিমা সিটি কলোনির বাসা থেকে নিজের পোশাক কারখানায় যাচ্ছিলেন।
“সে সময় রাস্তায় স্ত্রীর সামনে রোকন গায়ে তরল কিছু ঢেলে আগুন ধরিয়ে দেন। এ সময় স্বামীকে বাঁচাতে গিয়ে আকলিমাও দগ্ধ হন।”
স্ত্রীর ওপর রাগ করে রোকন এই ঘটনা ঘটান, বলেন পুলিশ পরিদর্শক মোজাম্মেল।
আকলিমা রোকনের দ্বিতীয় স্ত্রী বলে জানান তিনি।
ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে দারুসসালাম থানার এসআই মোরশেদা আক্তার জানিয়েছেন।
