জাবিতে প্রক্টরের অপসারণ চেয়ে শিক্ষক-শিক্ষার্থী সংহতি
শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে দায়িত্বে অবহেলার অভিযোগে প্রক্টরের অপসারণ দাবিতে সংহতি সমাবেশ হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে।
শনিবার বেলা সাড়ে ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদ ভবনের সামনে মহুয়া তলায় আড়াই ঘণ্টাব্যাপী এ সংহতি সমাবেশ হয়।
প্রগতিশীল ছাত্রজোটের সংগঠক ও ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সাংগঠনিক সম্পাদক অলিউর রহমান সানের সঞ্চালনায় সমাবেশে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের তিন শতাধিক শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনুসহ সব গুম, হত্যা ও ধর্ষনের বিচারের দাবিতে প্রগতিশীল ছাত্রজোট ও সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্যের ডাকা সোমবারের হরতালে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেইটে নেতাকর্মীদের ওপর হামলা চালায় পুলিশ।
এতে তিনজন গুরুতরসহ ২০ জন আহত হন এবং গ্রেপ্তার হন ১২ জন।
এ ঘটনায় প্রক্টরের মদদ দান ও দায়িত্বে অবহেলার অভিযোগ এনে ২৫ এপ্রিল থেকেই তার পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করে প্রগতিশীল ছাত্রজোট, সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্য ও জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের নেতাকর্মীরা।
এসময় প্রক্টরকে উপাচার্যের ‘সেনাপতি’ উল্লেখ করে সরকার ও রাজনীতি বিভাগের এই অধ্যাপক বলেন, “উপাচার্য, আপনি শিক্ষার্থীদের মারধরের বিষয়ে যথাযথ ব্যবস্থা নেননি, আর এখন আপনার সেনাপতিকে বাঁচাতে কৌশল আঁটছেন? আমরা বলতে চাই, এই শিক্ষার্থীবিরোধী, গণবিরোধী প্রক্টরকে বাঁচাতে কোনো কৌশলই কাজে আসবে না। অতএব এই প্রক্টরকে অবিলম্বে অপসারণ করুন।”
বামপন্থী শিক্ষকদের সংগঠন শিক্ষক মঞ্চের আহ্বায়ক ও দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক রায়হান রাইন বলেন, “এই প্রক্টরের বিরুদ্ধে অভিযোগ আজ নতুন কোনো বিষয় নয়, বারবার বিভিন্ন ঘটনায় ছাত্র-শিক্ষক সব মহল থেকে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। অতএব এই প্রক্টরের পদে থাকার কোন নৈতিক অবস্থান নেই।”
ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সাবেক সভাপতি সৌমিত জয়দ্বীপ এসময় আন্দোলনকারীদেরকে তাদের দাবির উপর শক্তভাবে অবস্থান করার আহ্বান জানিয়ে বলেন, “রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ ড. শামসুজ্জোহার আত্মত্যাগের গল্প আজকালকার প্রক্টররা ভুলে গেছেন। ‘পদত্যাগ’ জাহাঙ্গীরনগরের এই প্রক্টরের জন্য অত্যন্ত সম্মানজনক বিদায়ের পথ হয়ে যায়। তার যে অপরাধ তাতে তাকে ‘অপসারণ’ করা উচিত।”
“সমস্যা একটাই, তাকে যিনি অপসারণ করবেন, তিনি একটা পুতুল প্রশাসনের প্রধান। মাথার উপরে আছেন একজন ক্ষমতাবান বড় ভাই। নিচে তিনি একজন প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করা ‘জ্বি হুজুর’ টাইপ মিডিওকার! তিনিও বহুদোষে দুষ্ট।”
জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি জুবায়ের টিপু বলেন, “এটা স্পষ্ট প্রক্টরের নির্দেশেই সেদিন শিক্ষার্থীদের ওপর হামলা হয়েছিল। যেহেতু তিনি স্বেচ্ছায় পদ ছাড়ছেন না, তাই আন্দোলনের মাধ্যমেই তাকে পদ থেকে নামানো হবে।”
সভাপতির বক্তব্যে প্রগতিশীল ছাত্রজোটের নেতা ও ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি দীপাঞ্জন সিদ্ধান্ত কাজল বলেন, “প্রক্টর বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মিথ্যাচার আমরা আর মানছি না। এই প্রক্টরের অপসারণের আগ পর্যন্ত আমরা আন্দোলনের মাঠ ছাড়ছি না।”
এসময় তিনি প্রক্টর অপসারণের দাবিতে আগামী ৮ ও ৯ মে গণসংযোগ কর্মসূচি এবং ১০ মে মশাল মিছিল করা হবে বলে ঘোষণা দেন।
সমাবেশে সংহতি জানিয়ে আরও বক্তব্য দেন নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাঈদ ফেরদৌস, দর্শন বিভাগের অধ্যাপক আনোয়ারুল্লাহ ভূইঁয়া, ছাত্রফন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স, প্রগতিশীল ছাত্র জোট নেতা শফিকুল ইসলাম, মশিউর রহমান, আকাশ প্রমুখ।
সংহতি জানিয়ে আরও উপস্থিত ছিলেন জাবি সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি মাহী মাহফুজ, ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম জিন্নাহ, ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি তন্ময় ধর প্রমুখ।
