২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছুরিকাঘাতে যুবক, লাফ দিয়ে স্কুলছাত্রীর মৃত্যু

রাজধানীর হাজারীবাগের বৌবাজার এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2016, 05:11 PM

Updated : 20 Aug 2022, 12:33 PM

তার নাম মো. রনি (২৭)।

ঢাকা মেডিকেল ফাঁড়ির এসআই আনিসুজ্জামান বলেন, বুধবার ভোরে রনিকে ফাহিমা নামে এক নারী হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রনির বুকের বাম পাশে একটি জখমের চিহ্ন রয়েছে।

নিজেকে রনির স্ত্রী পরিচয় দিয়ে ফাহিমা পুলিশকে জানিয়েছেন, বৌবাজার এলাকায় দুর্বৃত্তরা রনিকে ছুরিকাঘাত করেন।

রনি একজন লেগুনা চালক; থাকতেন বৌবাজারের নবীপুর এলাকায়।

এসআই আনিস বলেন, ফাহিমা ভোরেই ওষুধ আনার কথা বলে হাসপাতাল থেকে বের হয়ে যান আর ফিরে আসেননি।

প্রকৃত বিষয়ে তদন্ত করার জন্য হাজারীবাগ থানাকে জানানো হয়েছে বলে জানান তিনি।

এদিকে রাজধানীর রামপুরায় একটি ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে পাপিয়া আনজুম প্রমি (১৬) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে।

সে রামপুরার রাজ্জাক স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রণির ছাত্রী ছিল ।

ঢাকা মেডিকেল ফাঁড়ির এসআই মো. আনিসুজ্জামান বলেন, বুধবার দুপুর আড়াইটার দিকে তার মামা মাহফুজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক প্রমিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে প্রমির বড় বোন বৃষ্টি সাংবাদিকদের বলেন, রামপুরার বনশ্রীর তিতাস রোডে তাদের বাসা। ছয়তলা ভবনের পাঁচতলায় বসবাস করেন তারা।

তিনি বলেন, প্রমি মোবাইল ফোনে কথা বলতে বলতে ছাদে উঠে নিচে লাফ দেয়। তবে কী কারণে প্রমি লাফ দিয়েছে তা তিনি জানাতে পারেননি।

তিন বোনের মধ্যে প্রমি সবার ছোট ছিল। তার বাবার নাম আলাউদ্দিন সরকার। তাদের গ্রামের বাড়ি রাজশাহীর পবায়।