নৌ-ধর্মঘটে সদরঘাট থেকে ছাড়বে আরও একটি স্টিমার
নৌযান শ্রমিকদের দুটি সংগঠনের ডাকা ধর্মঘটে যাত্রী চলাচলের সুবিধার্থে বৃহস্পতিবার সদরঘাট থেকে একটির জায়গায় দুটি স্টিমার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডাব্লিউটিসি)।
এই দুই স্টিমার চাঁদপুর, বরিশাল ও বাগেরহাটের যাত্রী পরিবহন করবে বলে বিআইডাব্লিউটিসির সহকারী মহা-ব্যবস্থাপক শাহ বরকত উল্লাহ জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সিডিউল অনুযায়ী সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মধুমতি স্টিমার সদরঘাট থেকে বাগেরহাটের মোড়লগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে।
“আজ (বৃহস্পতিবার) আরেকটি স্টিমারও রাখা হবে। তবে সেটি সন্ধ্যা সাড়ে ৬টার আগে ছাড়াবে না পরে ছাড়বে তা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।”
মজুরি বাড়ানোসহ ১৫ দফা দাবিতে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশন বুধবার রাত ১২টা থেকে দেশের সবগুলো নদী বন্দরে ধর্মঘটের ডাক দেয়।
বৃহস্পতিবার সকাল থেকে সদরঘাট থেকে কোনো রুটে লঞ্চ ছেড়ে যায়নি বলে জানিয়েছেন বিআইডাব্লিউটিএর পরিবহন পরিদর্শক সৈয়দ মাহজুর রহমান।
এদিকে ধর্মঘটের খবর না জেনে বৃহস্পতিবার ভোর থেকে সদরঘাটে এসে ভোগান্তিতে পড়েছেন দক্ষিণাঞ্চলের যাত্রীরা।
