২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি ছাত্রীর গায়ে ধাক্কা, তারপর ক্ষমা প্রার্থনা পুলিশের

বর্ষবরণ উৎসবের সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এক ছাত্রীর গায়ে ধাক্কা দিয়ে গালিগালাজ করার পর ক্ষমা চেয়েছেন এক পুলিশ সদস্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2016, 11:33 AM

Updated : 11 Oct 2022, 08:05 PM

পহেলা বৈশাখের আনুষ্ঠানিকতা শেষে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন সোহরাওহার্দী উদ্যানের ফটকে দায়িত্বরত কনস্টেবল রুহুল আমিন এই ঘটনা ঘটান।

শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছিল। ওই পুলিশ সদস্য তখন কর্তব্যরত অবস্থায় ছিলেন। এরপরও  ওই পুলিশ সদস্য দোষ স্বীকার করে ক্ষমা চেয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছেন।”  

ভুক্তভোগী হাবিবা জান্নাত প্রাণ পরিসংখ্যান ও তথ্য পরিসংখ্যান বিভাগের মাস্টার্সের ছাত্রী। তিনি বাম ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি।

ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তাহসিন মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সন্ধ্যা ৭টার দিকে সোহরাওয়ার্দীর ফটকে হাবিবাসহ আমরা কয়েকজন দাঁড়িয়ে ছিলাম। ওই সময় ‘আইজিপির গাড়ি আসছে’ বলে রুহুল আমিন নামের ওই পুলিশ কনস্টেবল হাবিবাকে ধাক্কা মেরে সরিয়ে দেয়।

“হাবিবা ধাক্কা মারার কারণ জানতে চাইলে ওই পুলিশ সদস্য অকথ্য ভাষায় গালিগালাজ করে।”

রোকেয়া হলের আবাসিক ছাত্রী  হাবিবা জান্নাত এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে অভিযোগ করলে মহানগর পুলিশের যুগ্ম কমিশনার কৃষ্ণপদ রায়সহ পুলিশ কর্মকর্তারা প্রক্টরের কার্যালয়ে যান।

ওই ছাত্রীর সহপাঠীদের উপস্থিতিতে ভারপ্রাপ্ত প্রক্টর এম আমজাদ আলীর সঙ্গে বৈঠক করেন তারা।

বৈঠকে কনস্টেবল রুহুল আমিন নিজের আচরণের জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চান বলে জানান তাহসিন।

ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক আমজাদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুলিশের  সাথে একটু ভুল বোঝাবোঝি হয়েছে। পরে প্রক্টর অফিসে ‍পুলিশের ঊধ্বতন কর্মকর্তাদের সাথে ছাত্র ফেডারেশনের নেতাকর্মীরা আলাপ আলোচনা করেছেন, বিষয়টির মিটমাট হয়েছে।”

গতবছর পহেলা বৈশাখের সন্ধ্যায় একই এলাকায় নারীদের যৌন নিপীড়নের ঘটনায় এবার বর্ষবরণের আয়োজনে ছিল পুলিশের ব্যাপক কড়াকড়ি। মঙ্গল শোভাযাত্রায় মুখোশ নিষিদ্ধের পাশাপাশি বিকাল সাড়ে ৫ টার পর উন্মুক্ত স্থানে অনুষ্ঠান আয়োজনে নিষেধাজ্ঞা দেওয়া হয়। 

বিকালের পর উদ্যানের ফটক বন্ধ করে দেওয়া হলেও রাস্তায় বেড়াতে বা আড্ডা দিতে কোনো বাধা নেই জানিয়ে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল, যতোক্ষণ মানুষ আনন্দ উৎযাপন করবে, ততোক্ষণ পুলিশ নিরাপত্তা দেবে। 

 গতবার যৌন নিপীড়ন ঠেকাতে গিয়ে আহত লিটন নন্দীর সংগঠন ছাত্র ইউনিয়ন এবার পহেলা বৈশাখের উৎসবে হয়রানি ঠেকাতে সতর্ক থাকার ঘোষণা দিয়েছিল। সন্ধ্যার পর অন্য ছাত্রসংগঠনগুলোর নেতাকর্মীরাও ক্যাম্পাসে ছিলেন।   

তার মধ্যেই পুলিশের বাজে আচরণের শিকার হতে হয় ছাত্র ফেডারেশনের হাবিবা জান্নাতকে।   

অবশ্য পুলিশ এ ঘটনাকে ‘ভুল বোঝাবুঝির’ বেশি কিছু বলতে নারাজ।

শাহবাগের ওসি আবু বকর বলেন, “কোনো তৃতীয়পক্ষ যেন সুযোগ নিতে না পারে এবং বর্ষবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে কেউ ঘোলাটে পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্য পুলিশের পক্ষ থেকে সর্বাচ্চে চেষ্টা ছিল।”