২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালের ২ ছাত্রলীগকর্মী ঢাকায় অস্ত্রসহ গ্রেপ্তার

বরিশালের দুই ছাত্রলীগ কর্মীকে ঢাকার যাত্রাবাড়ীতে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদক

ও বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2016, 02:31 PM

Updated : 20 Aug 2022, 12:24 PM

এরা হলেন- বরিশাল সরকারি ব্রজমোহন কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও অস্থায়ী ছাত্র কর্মপরিষদের সাধারণ সম্পাদক নাহিদ সেরনিয়াবাদ (৩০) এবং ছাত্রলীগ কর্মী জোবায়ের আলম (২৯)।

র‌্যাব-১০ এর অধিনায়ক জাহাঙ্গীর হোসেন মাতুব্বর বলছেন, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে বরিশালে বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। এ কারণে তারা ঢাকায় আত্মগোপন করে ছিলেন।   

বৃহস্পতিবার রাত দেড়টার দিকে একটি অটোরিকশায় করে গুলিস্তানের দিকে যাওয়ার সময় যাত্রাবাড়ীর গোলাপবাগ মোড়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে এই র‌্যাব কর্মকর্তা জানান।

“র‌্যাবের একটি টহল দল অটোরিকশা তল্লাশি করলে নাহিদের কাছে দুই রাউন্ড গুলিসহ একটি পিস্তল পাওয়া যায়।”

নাহিদ ও জোবায়েরের বিরুদ্ধে বরিশালের কোন থানায় কী অভিযোগে মামলা রয়েছে সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি  জাহাঙ্গীর হোসেন মাতুব্বর।