২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উদীচীর সাংস্কৃতিক সমাবেশে তনু হত্যার বিচার দাবি

কলেজছাত্রী সোহাগী জাহান তনুর হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং জড়িত সবাইকে অবিলম্বে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবিতে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2016, 10:38 PM

Updated : 11 Oct 2022, 08:02 PM

মঙ্গলবার বিকালে সারা দেশে একযোগে পালনের জন্য ঘোষিত এই কর্মসূচি কেন্দ্রীয়ভাবে রাজধানীর শাহবাগে পালিত হয়।

সমাবেশের শুরুতে প্রতিবাদী গান পরিবেশন করেন উদীচী’র শিল্পীরা।

এরপর আলোচনা পর্বে উদীচীর সভাপতি কামাল লোহানী বলেন, “সাধারণ মানুষের সচেতন চোখকে ফাঁকি দেওয়া সম্ভব হবে না। তাই, কালবিলম্ব না করে তনুর প্রকৃত হত্যাকারীদের খুঁজে বের করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বশক্তি নিয়োগ করতে হবে।”

মুক্তিযুদ্ধের সময় এদেশের পুলিশ বাহিনীর বীরোচিত ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, ‍“সকল অন্যায়-অবিচারের সঠিক তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করার স্বার্থেও এখন তারা কাজ করতে সক্ষম।”

এই সময় পহেলা বৈশাখে বিভিন্ন রকম বিধিনিষেধের সমালোচনা করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সংগঠক কামাল লোহানী।

তিনি বলেন, “পহেলা বৈশাখে অনুষ্ঠানমালার সময় নিয়ন্ত্রণের অপচেষ্টা সফল হবে না। শুধু চারুকলা ইনস্টিটিউট নয়, দেশের সব তরুণ মুখোশ পড়ে মঙ্গল শোভাযাত্রায় অংশ নেবে।বাংলা বর্ষবরণের নিরাপত্তায় উদীচী সব জায়গায় আলাদা ব্রিগেড গড়ে তুলবে।”

সমাবেশে অন্যদের মধ্যে উদীচীর সহ-সভাপতি অধ্যাপক বদিউর রহমান, সাধারণ সম্পাদক প্রবীর সরদার, সহ-সাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম, ঢাকা মহানগর সংসদের সাধারণ সম্পাদক ইকবালুল হক খান, গণজাগরণ মঞ্চের সংগঠক আকরামুল হক বক্তব্য দেন।

আলোচনা পর্ব শেষে সমাবেশে সংহতি জানিয়ে এবং তনু হত্যাকাণ্ডের বিচারের দাবিতে একক সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট গণসঙ্গীত শিল্পী সোহানা আহমেদ।

প্রতিবাদী পথনাটক পরিবেশন করেন উদীচী নাটক বিভাগ।

‘চিৎকার কর মেয়ে, দেখি যতদূর গলা যায়’ গানটির সাথে প্রতিবাদী নৃত্য পরিবেশন করেন উদীচী’র ঢাকা মহানগর সংসদের নৃত্যশিল্পীরা।

এছাড়া, ‘রসময় স্বাধীনতা’ নামের পথনাটক পরিবেশন করেন প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন-এর নাট্যকর্মীরা। নাটকটির ভাবনা ও প্রয়োগ করেছেন এ.বি.এস জেম।

তনু হত্যার বিচার দাবিতে ঢাকা ছাড়াও চট্টগ্রাম, খুলনা, সাতক্ষীরা, পাবনা, ফরিদপুর, সুনামগঞ্জ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন জেলা উপজেলায় উদীচীর উদ্যোগে একযোগে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ আয়োজন করা হয় বলে উদীচীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।