মিরপুরে জমি দখলের পর হত্যার হুমকির অভিযোগ
রাজধানীর মিরপুরে ভয়-ভীতি দেখিয়ে জমি দখলের পর হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
রোববার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে (ক্র্যাব) সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন কামরুল হাসান নামের কেরাণীগঞ্জের এক বাসিন্দা ও তার স্ত্রী।
তিনি বলেন, “২০০৭ সালে গৃহায়ন কর্তৃপক্ষের কাছ থেকে আমি মিরপুর মাজার রোডের সি/৮৪ প্রথম কলোনিতে ৩ কাঠা জমি পাই।
“কিছুদিন পর রাজ্জাক নামে এক ব্যক্তি ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং না দেওয়ায় এক রাতে বাড়িটি দখল করে নেন। সেসময় টিনশেড বাড়িতে ভাড়াটিয়ারা ছিলেন।”
পরে আদালতে মামলা করেন এবং মামলাটি বিচারাধীন রয়েছে জানিয়ে কামরুল হাসান বলেন, “সেই রাজ্জাক শুধু আমার বাড়িটিই দখলই করেনি। গত ২৪ মার্চ দলবল নিয়ে মাজাররোডে আমার ছোট ভাইয়ের ১৯২/সি নম্বর বাড়িতে হামলা চালায়। এই বাড়িও গৃহায়ন কর্তৃপক্ষ থেকে নেওয়া।”
রাজ্জাকের সহযোগী বাতেন তার ছোট ভাইয়ের বাড়ির কিছু অংশ দখল করেছে বলেও অভিযোগ করেন কামরুল।
“মামলার পর পুলিশ আক্তার নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করে। কিন্তু রাজ্জাক-বাতেনসহ তাদের সহযোগীরা বাহিরে রয়েছে এবং আমাকে ও আমার স্বজনদের হত্যার হুমকি দিচ্ছে,” বলেন তিনি।
সংবাদ সম্মেলনে কামরুলের স্ত্রী নাজমা আক্তার বলেন, “জোর করে দখল করা বাড়িটি লিখে না দেওয়ায় রাজ্জাক ও তার দলবল এই হুমকি দিচ্ছে।”
তিনি জানান, রাজ্জাক বাড়িটি দখল করলেও কাগজপত্রে কামরুলের নামে আছে। রাজ্জাক দখলকৃত বাড়িটি কোথাও বিক্রি করতে পারছেন না।
কামরুল বলেন, “১০ বছর বিদেশ থেকে এই বাড়িটি কিনেছি। এখন সব হারিয়ে পথে বসার অবস্থা। পরিবার নিয়ে দিন কাটাচ্ছি নিরাপত্তাহীনতায়ও।”
সংবাদ সম্মেলনে ঘটনার প্রতিকার চেয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশপ্রধানের হস্তক্ষেপ কামনা করেন তারা।
