২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রেসক্লাবের সামনে ঢাবি ছাত্র ও নার্সদের বিক্ষোভ

মাদারীপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পুলিশের গুলিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুজন মৃধার মৃত্যুর প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক আটকে বিক্ষোভ করেছেন তার সহপাঠীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2016, 03:37 PM

Updated : 11 Oct 2022, 08:02 PM

নার্সদের দুটি সংগঠনও জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগের দাবিতে একই সময়ে ওই এলাকায় বিক্ষোভ করেছে।

বিক্ষোভ-অবরোধের কারণে রোববার বেলা পৌনে ১টা থেকে পৌনে ৩টা পর্যন্ত প্রেসক্লাব সংলগ্ন রাস্তার এক পাশে যান চলাচল বন্ধ থাকে বলে ঢাকা মহানগর পুলিশের রমনা জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার (পেট্রোল) এসএম ইমানুল হক জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “শিক্ষার্থীরা মিছিল নিয়ে এসে প্রেসক্লাবের সামনের সড়কে অবস্থান নেয়। এতে রাস্তার একপাশ বন্ধ হয়ে যায়।”

Image
সুজন মৃধা

সুজন মৃধা

গত ৩১ মার্চ ইউপি নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটের দিন মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের ভোট গণনার সময় গুলিতে নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র সুজন মৃধা।

সুজনের দাদা মোতালেব মৃধা সদস্য পদে নির্বাচন করায় ভোট দিতে এলাকায় গিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র। ভোট গণনা নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে পুলিশের গুলিতে সুজন মারা যান বলে পরিবারের সদস্যদের অভিযোগ।

ওই ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে সহপাঠীরা শনিবারও শাহবাগ মোড়ে বিক্ষোভ করে।

ইমানুল হক বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন (বিডিবিএনএ) ও বাংলাদেশ বেসিক গ্রাজুয়েট নার্সেস সোসাইটির (বিজিএনএস) সদস্যরা দুপুরে প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখান।

“শিক্ষার্থীরা সোয়া ২টার দিকে প্রেসক্লাব থেকে চলে যায়। এরপর নার্সরা পৌনে ৩টার দিকে অবস্থান ছেড়ে দিলে যান চলাচল শুরু হয়।”

সিনিয়র স্টাফ নার্স নিয়োগে পিএসসি যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তা বাতিল করে আগের মতো জ্যেষ্ঠতার ভিত্তিতে এই পদে নিয়োগের দাবিতে এর আগে গত ৩০ মার্চ সড়ক অবরোধ করেছিলেন নার্সরা। সেদিন তাদের লাঠিপেটা ও জলকামান ব্যবহার করে সরিয়ে দিয়েছিল পুলিশ।