তনুর ঘটনা ধামাচাপার পাঁয়তারা: ইমরান
কলেজছাত্রী সোহাগী জাহান তনুর ‘ধর্ষণ’ ও হত্যার বিচার দাবিতে সারাদেশে বিক্ষোভ হলেও এই ঘটনা ধামাচাপা দেওয়ার পাঁয়তারা চলছে বলে অভিযোগ করেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।
ঘটনার ১১ দিন পরেও কেউ গ্রেপ্তার না হওয়া এবং তদন্তে দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকায় এই আশঙ্কা দেখা দিয়েছে- বলেছেন তিনি।
তনুর হত্যাকারীদের বিচার দাবিতে শুক্রবার শাহবাগে এক সমাবেশে ইমরান বলেন, “তনু হত্যার বিচারের দাবিতে সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ হলেও সরকারের টনক নড়ছে না।
“বরং তারা বিবৃতি, বক্তব্যের মধ্য দিয়ে তনুর বিষয়ে ভাবমূর্তি পুনরুদ্ধারের চেষ্টায় আছে।”
গত ২০ মার্চ কুমিল্লা সেনানিবাসের ভেতর থেকে ভিক্টোরিয়া কলেজের ছাত্রী তনুর লাশ উদ্ধার করা হয়। তাকে ধর্ষণের পর হত্যা করা হয় বলে পুলিশের ধারণা।
তার খুনিদের গ্রেপ্তার দাবিতে ধারাবাহিক কর্মসূচি পালন করছে গণজাগরণ মঞ্চ। এর অংশ হিসেবে ঢাকা থেকে কুমিল্লায় রোডমার্চ করেছে তারা।
তারপরেও খুনি শনাক্তে কোনো অগ্রগতি না হওয়ায় ক্ষোভের সঙ্গে ইমরান বলেন, “আমি যদি প্রশ্ন করি, তনু হত্যার বিচারের কী হল? কোনো অগ্রগতি হয়েছে? উত্তর- তনুর ঘটনা ধামাচাপায় অগ্রগতি হয়েছে।
“দেশে একের পর এক সব ঘটনা যেভাবে ধামাচাপা দেওয়া হয়েছে, সেভাবে তনুর ঘটনা ধামাচাপা পড়ে কি না সেই আশঙ্কা দেখা দিয়েছে।
এই ঘটনায় ‘ক্ষমতাশালীরা’ জড়িত বলে সন্দেহের কথা বলেছেন ইমরান: “তনুর বাবা যদি প্রথম শ্রেণির কর্মকর্তা হতেন, তাহলে আজ বিচারের আশা বেশি থাকত। কিন্তু বিচারে কোনো অগ্রগতি হচ্ছে না, প্রশাসনের টনক নড়ছে না।
“তার মানে ধর্ষকের পিছনে যারা আছেন তারা দুর্বল ব্যক্তিবর্গ নয়। তাই তনুর বাবাকে বক্তব্য, বিবৃতি দিতে বাধা দেওয়া হচ্ছে। এতেই প্রমাণ হচ্ছে, ধর্ষকদের শক্তি আছে।”
এই ঘটনার বিচার দাবিতে সবাইকে ঐক্যদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে গণজাগরণ মঞ্চের মুখপাত্র বলেন, “যদি আমাদের দেশে ধর্ষণ বন্ধ করতে হয়, মুক্তিযুদ্ধের বাংলাদেশ বিনির্মাণ করতে হয় তাহলে আমাদের বঞ্চিত নির্যাতিত মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণকে ঐক্যবদ্ধ হয়ে সকল অন্যায়ের দাঁত ভাঙা জবাব দিতে হবে।”
তনু হত্যাকাণ্ডের বিচারসহ চার দফা দাবিতে গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে সারা দেশে স্বাক্ষর সংগ্রহ শুরু হয়েছে জানিয়ে ইমরান বলেন, “সারা দেশ থেকে এক কোটি স্বাক্ষর নিয়ে চার দফা দাবি বাস্তবায়নের জন্য আমরা সংসদে জমা দেব। এমনিতে প্রশাসনের ঘুম ভাঙে না, জনতার রায় পৌঁছে দিয়ে আমরা তাদের ঘুম ভাঙাবার চেষ্টা করব।”
তাদের দাবিগুলো হলো- তনুর ‘ধর্ষকদের’ অবিলম্বে গ্রেপ্তার ও বিচার, হাই কোর্টের যৌন নিপীড়নবিরোধী নীতিমালার পূর্ণ প্রয়োগ, ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা এবং সব নারীর নিরাপত্তা নিশ্চিত করা।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন জাগরণ মঞ্চের কর্মীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ঘুরে শাহবাগে ফিরে তাদের স্বাক্ষর সংগ্রহ কর্মসূচির সূচনা হয়।
