২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিপিবি-বাসদের ‘রেল রক্ষা অভিযাত্রা’

রেল ধ্বংসের ‘চক্রান্ত’ বন্ধের দাবিতে ‘রেল রক্ষা অভিযাত্রা’ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2016, 11:27 PM

Updated : 11 Oct 2022, 08:01 PM

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে সমাবেশ শেষে রাজশাহীগামী সিল্কসিটি ট্রেনে গাজীপুর অভিমুখে এ যাত্রা করে সিপিবি-বাসদের নেতাকর্মীরা।

রেল রক্ষা অভিযাত্রার আগে সমাবেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, “বৈদেশিক মুদ্রা খরচ করে আমাদের দেশে জ্বালানি তেল আমদানি করতে হয়। স্টেশন, ইঞ্জিন এবং কর্মচারী কমলেও রেলের ব্যয় বেড়েছে দ্বিগুণ।

“সরকারের ভুল পরিকল্পনা, দুর্নীতি এবং অপচয়ের কারণে রেল পরিণত হয়েছে লোকসানি প্রতিষ্ঠানে। লোকশানের কারণ দূর না করে দফায় দফায় রেলের ভাড়া বাড়ানো হচ্ছে।”

এ অবস্থায় রেলের বিভিন্ন স্থানে দখল করা জায়গা উদ্ধার, লুটপাট- দুর্নীতি বন্ধ করা এবং রেলকে আধুনিক করে যাত্রী সুবিধা বাড়ানোর আহ্বান জানিয়ে রেল ধ্বংসের ‘চক্রান্ত’ বন্ধ করার আহ্বান জানান সিপিবি সভাপতি।

রেলওয়েতে ‘ঘুষ ছাড়া’ পর্যাপ্ত লোকবল নিয়োগ ও দুর্নীতি, ভুলনীতি, রেলে অপচয় বন্ধ করে রেলের ভাড়া না বাড়ানোর দাবিও জানান সেলিম।

রেল খাতে দুর্নীতি রোধে সারা দেশে দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, “আমরা এই সম্পত্তিকে কিছুতেই ধ্বংস হতে দিতে পারি না। বিশ্বব্যাংক, আইএমএফ, এডিবি এর পরামর্শে রেলকে বেসরকারি করা চলবে না।”

রেলের সংখ্যা বাড়িয়ে যাত্রী সেবার মান বাড়ানোর দাবিও জানান তিনি।

সমাবেশে সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স, আহসান হাবিব লাবলু, সাজ্জাদ জহির চন্দন, বাসদ নেতা বজলুর রশীদ ফিরোজ উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে সিপিবি বাসদের নেতারা কমলাপুর রেলস্টেশন থেকে সিল্কসিটি ট্রেনে গাজীপুর অভিমুখে যাত্রা করে।