কৃষ্ণকলির গৃহকর্মীর ময়নাতদন্ত প্রতিবেদন থানায়
কণ্ঠশিল্পী কৃষ্ণকলি ইসলামের গৃহকর্মী জান্নাতুল আক্তার শিল্পীর ময়নাতদন্ত প্রতিবেদনে রাজধানীর শেরেবাংলা নগর থানায় পৌঁছেছে, যে প্রতিবেদনের ওপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথা বলে আসছিল পুলিশ।
শিল্পীর মৃত্যুর ঘটনায় দায়ের অপমৃত্যু মামলার তদন্ত কর্মকর্তা এসআই সুশীল চন্দ্র বর্মন জানান, ময়নাতদন্ত প্রতিবেদন বুধবার বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তিনি সংগ্রহ করেছেন।
প্রতিবেদনে কী আছে জানতে চাইলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম তিনি বলেন, “প্রতিবেদনে বলা হয়েছে, শিল্পীর মৃত্যু ‘হ্যাঙ্গিংয়ে’ হয়েছে এবং ময়নাতদন্তে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি।”
পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা বলেন, “ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে বৃহস্পতিবার আদালতে প্রতিবেদনটি জমা দেওয়ার পরিকল্পনা রয়েছে।”
গত ২৩ মার্চ কৃষ্ণকলির আগারগাঁওয়ে বাসায় সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় শিল্পীকে পাওয়া যায়। কৃষ্ণকলির স্বামী খালেকুর রহমান অর্ক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সেদিনই গ্রেপ্তার করা হয় খালেকুরকে। তার দাবি, শিল্পী আত্মহত্যা করেন।এরপর তাকে দুই দিনের রিমান্ডেও নেওয়া হয়।
এদিকে বুধবার সকালে নিহতের বড় বোন রেনু আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত বৃহস্পতিবার শেরেবাংলা নগর থানা পুলিশের উপস্থিতিতে কৃষ্ণকলির এক বোন, তার স্বামী ও আরও দুয়েকজনের সঙ্গে তাদের বৈঠক হয়।
“সেখানে তাদের সঙ্গে আপস হয়। তারা আমাদের জানায়, আমার ছোটবোন শিল্পী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।”
ওই বৈঠকে রেনু আক্তার, তার মা হালেমা খাতুন, রেনুর বোনজামাই রেজাউল, নেত্রকোনার কালদর গ্রামের মেম্বার সেলিমসহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন বলেও জানান তিনি।
অবশ্য আপসের বিষয়টি শেরেবাংলা নগর থানার ওসি গোপল গণেশ বিশ্বাস ও মামলার তদন্ত কর্মকর্তা সুশীল চন্দ্র বর্মন জানেন না বলে জানান তারা।
লিখিত আপসনামা হয়েছে জানিয়ে রেনু বলেন, “ওই কাগজে লিখেছি, আমার বোন মানসিকভাবে সুস্থ ছিল না, একা একা বসে থাকত।”
“শিল্পীকে মেরে ফেলার খবর জানলেও মামলা করব না। মামলা করলে তো বোনকে আর ফিরে পাব না,” বলেন তিনি।
রেনু জানান, শিল্পীর মৃত্যুর পর কৃষ্ণকলির পরিবার তার দাফন ও লাশ বাড়িতে নিতে ১০ হাজার টাকা দেয়। তবে আপস হওয়ার সময় কৃষ্ণকলির পরিবারের পক্ষ থেকে তাদের টাকা দেওয়ার কোনো প্রস্তাব করা হয়নি।
আপসের পর শেরেবাংলা নগর থানা পুলিশের কেউ তাদের সঙ্গে যোগাযোগ করেনি বলেও দাবি করেন রেনু আক্তার।
আপসের বিষয়ে জানতে কৃষ্ণকলির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
নেত্রকোনা জেলার পূর্বধলা থানার কালদুয়ার গ্রামের শ্রমিক মো. হামিদ ও হালেমা খাতুনের চার সন্তানের মধ্যে শিল্পী ছিলেন তৃতীয়। কৃষ্ণকলির বাসায় এক মাস গৃহকর্মীর কাজ করার আগে মিরপুরের এক বাসায় ছিলেন তিনি।
ওই ঘটনায় নিহতের মা হালেমা খাতুন শেরেবাংলা নগর থানায় একটি অপমৃত্যু মামলা করেন। মামলায় কৃষ্ণকলির স্বামী খালেকুরকে গ্রেপ্তার দেখানো হয় ৫৪ ধারায়। দুই দিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের পর খালেকুরের কাছ থেকে ‘বলার মতো’ কোনো তথ্য পাওয়া যায়নি বলে পুলিশ জানায়।
এ প্রসঙ্গে মামলার তদন্ত কর্মকর্তা সুশীল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “শিল্পীর লাশটি পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে পায়। তার গলায় সামান্য কালচে দাগ ছিল। এছাড়া শরীরের কোথাও তেমন আঘাতের চিহ্ন ছিল না।”
ঘটনার পর শেরেবাংলা নগর ওসি গনেশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, ময়নাতদন্তের জন্য শিল্পীর লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
