যুগান্তরের বিরুদ্ধে এনবিআর চেয়ারম্যানের মামলা
মানহানিকর খবর প্রকাশের অভিযোগ এনে ৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে দৈনিক যুগান্তরের বিরুদ্ধে মামলা করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান।
ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে বুধবার এ মামলা করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন এনবিআরের আইনজীবী তানজিব আল ইসলাম ।
এনবিআরের বর্তমান চেয়ারম্যান নজিবুর রহমান ‘মিথ্যা খবরে সংস্থাটির মানহানি’র অভিযোগের এই মামলায় সংস্থার পক্ষ থেকে পদাধিকার বলে বাদী হয়েছেন।
মামলায় দৈনিক যুগান্তরের মালিকানা প্রতিষ্ঠান যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নুরুল ইসলাম বাবুল, সংবাদপত্রটির সম্পাদক-প্রকাশক সালমা ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম এবং প্রধান অর্থনৈতিক প্রতিবেদক হেলাল উদ্দিনসহ নয়জনকে বিবাদী করা হয়।
মামলার অভিযোগে যুগান্তরে প্রকাশিত বিভিন্ন খবরে ‘হলুদ সাংবাদিকতার’ মাধ্যমে রাজস্ব বোর্ডকে হেয় প্রতিপন্ন করা হয়েছে দাবি করে ভবিষ্যতে যেন এ রকম ‘ভুয়া খবর’ বিবাদীরা প্রকাশ না করতে পারে সে জন্য নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে।
অ্যাডভোকেট তানজিব বলেন, “আমার জানা মতে, এর আগে এনবিআরের কোনো চেয়ারম্যান কোনো গণমাধ্যমের বিরুদ্ধে এ রকমের মামলা করেননি।”
যুগান্তর গত বছরের ২৯ অক্টোবর ‘রাজস্ব প্রশাসনে ক্ষোভ অস্থিরতা’, ১ নভেম্বর ‘নজিবুর রহমানের প্রতিহিংসার শিকার শীর্ষ কর্মকর্তারা’, ২৪ নভেম্বরে ‘অর্থমন্ত্রীকে যমুনা গ্রুপের খোলা চিঠি’, ৭ ডিসেম্বরে ‘সুপ্রিম কোর্টের রায় লঙ্ঘন: এনবিআর চেয়ারম্যানের বেআইনি সিদ্ধান্ত’, ৯ ডিসেম্বরে ‘রাজস্ব খেলাপিদের বকেয়া মাফ করার এখতিয়ার এনবিআরের নেই’ এবং ১৮ ডিসেম্বরে ‘চারমাসে ঘাটতি ৯ হাজার কোটি টাকা’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেন।
এসব প্রতিবেদনকে ‘বিভ্রান্তিকর ও একইসঙ্গে কৌতূকপ্রদ’ আখ্যায়িত করে বাদীর নিজের ও তার প্রতিষ্ঠানের সবার মর্যাদাহানি হয়েছে বলে দাবি করা হয় মামলায়।
প্রথম যুগ্ম জেলা জজ আদালতের বিচারক শাহাদাৎ হোসেন বুধবার এ মামলায় চাওয়া অস্থায়ী নিষেধাজ্ঞার একটি আবেদনের শুনানি নিয়ে এ ধরনের খবর প্রকাশে ‘কেন বিরত হবে না’ এ বিষয়ে সাতদিনের মধ্যে বিবাদীদের কারণ দর্শাতে বলেছেন।
এর আগে গত ৯ ডিসেম্বর যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল ও তার মালিকানাধীন যুগান্তর পত্রিকার সাংবাদিক হেলাল উদ্দিনের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিল জাতীয় রাজস্ব বোর্ড - এনবিআর।
বাবুলের মালিকানাধীন দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের বিরুদ্ধে এনবিআরের দ্বিতীয় সচিব (বোর্ড প্রশাসন-১) এ এইচ এম আবদুল করিম এই জিডি করেন।
ওইদিন এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, ‘অমার্জিত, শিষ্টাচারবিবর্জিত, মানহানিকর, বানোয়াট ও মিথ্যা তথ্যসম্বলিত ধারাবাহিক প্রতিশোধপরায়ণমূলক’ প্রতিবেদন প্রকাশ করায় চেয়ারম্যান নজিবুর রহমানের সভাপতিত্বে এনবিআরের বিশেষ বোর্ড সভায় জিডিটি করার সিদ্ধান্ত হয়।
