কেন্দ্রীয় ব্যাংকের প্রযুক্তি নিরাপত্তায় দেশি বিশেষজ্ঞ নিয়োগের পরামর্শ
কেন্দ্রীয় ব্যাংকের প্রযুক্তিগত নিরাপত্তার দায়িত্বে দেশি বিশেষজ্ঞদের নিয়োগের পরামর্শ দেওয়ার প্রস্তাব এসেছে সচিব কমিটির বৈঠকে।
মঙ্গলবার বিকালে ‘ভ্যাট অনলাইন প্রকল্পের’ বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা বৈঠকে ইউনুসুর রহমান দেশের প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের বৈঠকের আলোচনার এ তথ্য জানান।
একইসাথে আর্থিক লেনদেনের সঙ্গে সম্পৃক্ত সকল প্রযুক্তি ব্যবস্থার পাশাপাশি কার্যক্রমে প্রযুক্তি ব্যবহার করা অন্যান্য ক্ষেত্রেও নিরাপত্তা বাড়ানোর বিষয়ে মতামত দেন ইউনুসুর রহমান ও অর্থ সচিব মাহবুব আহমেদ।
ইউনুসুর রহমান বলেন, “সচিব কমিটির বৈঠকে সাইবার নিরাপত্তা নিয়ে গুরুত্বের সাথে আলোচনা হয়েছে। আমাদের সাইবার নিরাপত্তার বর্তমান যেসব ব্যবস্থা আছে সেগুলোকে আরও শক্তিশালী করার পাশাপাশি মধ্যম ও দীর্ঘ মেয়াদে বিভিন্ন পরিকল্পনার নেওয়া দরকার।
“আমাদের সাইবার নিরাপত্তার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই বিদেশি বন্ধুদের ওপর নির্ভর করতে হচ্ছে। কিন্তু দীর্ঘ মেয়াদে এটা যাতে দেশি বিশেষজ্ঞদের মাধ্যমে করা যায় সেই উদ্যোগ নিতে হবে।”
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের আগামী বোর্ড সভায় পরামর্শ দেওয়া হবে বলে জানান কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের এই সদস্য।
ভ্যাট অনলাইনের ক্ষেত্রেও নিরাপত্তা ব্যবস্থা জোরালো করার কথা বলেন বাংলাদেশের ব্যাংকের রিজার্ভ চুরি যাওয়ার পর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের দায়িত্বে আসা এই সচিব।
রিজার্ভ চুরির ঘটনায় গভর্নরের পদ থেকে আতিউর রহমানের পদত্যাগের পর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ওই সময়ের সরিয়ে দেয় সরকার।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার মজুদ থেকে ৮১ মিলিয়ন ডলার লোপাট হয়। যুক্তরাষ্ট্রে ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা কেন্দ্রীয় ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ভুয়া নির্দেশনা পাঠিয়ে এ অর্থ নেওয়া হয় ফিলিপিন্সের একটি ব্যাংকে। বলা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সুইফ সিস্টেম হ্যাকড করে এই অর্থ সরানো হয়েছে।
এর আগে বাংলাদেশের কয়েকটি ব্যাংকের এটিএম বুথে স্কিমিং মেশিন বসিয়ে তথ্য চুরির মাধ্যমে এটিএম কার্ড ক্লোন করে প্রায় ৪০ জন গ্রাহকের অর্থ হাতিয়ে নেয় একটি চক্র।
অর্থ সচিব বলেন, “সাইবার নিরাপত্তা নিয়ে আমাদের তৎপর হতে হবে। ভ্যাট অনলাইনে কি নিরাপত্তা নেওয়া হয়েছে তা আমরা জানি না, তবে এটা নিয়ে যারা কাজ করছেন আমরা তাদেরকে সতর্ক করলাম।”
অনলাইন ভ্যাট ব্যবস্থা বাজেট ঘাটতি কমাতে সাহায্য করবে বলে মনে করেন অর্থসচিব।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধান অতিথি ছিলেন। মুহিত সাংবাদিকদের সাথে কোনো কথা বলেননি।
এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান অর্থমন্ত্রীকে উদ্ধৃত করে বলেন, “মন্ত্রী মহোদয় কয়েকটি বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়েছেন। এর মধ্যে নিশ্ছিদ্র সাইবার নিরাপত্তা নিশ্চিত করা অন্যতম।
“এছাড়া করদাতাদের সাথে যোগাযোগ বাড়ানো, করদাতারা যাতে নতুন ভ্যাট ব্যবস্থায় সহজে সম্পৃক্ত হতে পারে সেই উদ্যোগ নেওয়া, মুসক আদায়ে যারা দায়িত্ব পালন করবেন তাদের স্বচ্ছতা, করদাতা বান্ধব আচরণ, স্বাধীন ভেরিফিকেশন ও তথ্যের অবাধ প্রবাহের কথা বলেছেন।”
এছাড়া অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন, সিজিএ আবুল কাশেম অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
ইতোমধ্যে ২০১২ সালে অনলাইন ভ্যাট আইন পাশ হয়েছে। আগামী অর্থবছর থেকে অনলাইনে ভ্যাট আদায়ের মাধ্যমে বাস্তবায়ন করতে যাচ্ছে সরকার।
