তনু হত্যার ‘সুষ্ঠু তদন্তে’ সময় লাগছে: পুলিশ
সেনানিবাস এলাকার মধ্যে কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের প্রতিবাদে সারাদেশে ক্ষোভ-বিক্ষোভের প্রেক্ষাপটে সবাইকে ধৈর্য ধরে তদন্ত কাজে সহযোগিতার আহ্বান জানিয়েছে পুলিশ।
আলোচিত এই হত্যাকাণ্ডের তদন্তে সিআইডির একটি দলের কুমিল্লায় যাওয়ার মধ্যে মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে এই আহ্বান জানানো হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “কোনো হত্যাকাণ্ডে জড়িত আসামিদের গ্রেপ্তারের জন্য কোনো আন্দোলন বা বিক্ষোভের প্রয়োজন নেই। তনু হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে আমরা বদ্ধপরিকর।
“এক্ষেত্রে সমব্যথী সকলকে ধৈর্য ধরে পুলিশি তদন্তে সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।”
ভিক্টোরিয়া কলেজের এই ছাত্রী হত্যাকারী কেউ এক সপ্তাহেও শনাক্ত কিংবা গ্রেপ্তার না হওয়ায় সারাদেশে প্রতিবাদ চলছে। কুমিল্লায় ধারাবাহিক কর্মসূচির পাশাপাশি ঢাকায় মঙ্গলবারও তিন ঘণ্টা শাহবাগে সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা।
গণজাগরণ মঞ্চ বুধবার সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এক ঘণ্টা ধর্মঘট পালনের আহ্বান জানিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগামী রোববার সারাদেশে ছাত্র ধর্মঘট ডেকেছে।
সেনানিবাসে এই হত্যাকাণ্ড ঘটায় তার সুষ্ঠু তদন্ত নিয়ে অনেকের পক্ষ থেকে সংশয় প্রকাশ করা হচ্ছে; যদিও সেনা কর্তৃপক্ষ তদন্তে বেসামরিক প্রশাসনকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে।
তদন্তে সময় লাগার বিষয়ে পুলিশ সদর দপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, “তনু হত্যাকাণ্ড প্রকাশ্যে ঘটেনি। তাই সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট কোনো ব্যক্তির বিরুদ্ধে প্রত্যক্ষ এবং পরোক্ষ সাক্ষ্য সংগ্রহ করা সময় সাপেক্ষ।”
তনু হত্যার ঘটনায় তার বাবা ক্যান্টনবোর্ডের কর্মচারী ইয়ার আলীর মামলাটি প্রথমে থানা পুলিশ তদন্ত শুরু করলেও এক সপ্তাহ পর ডিবিতে তা স্থানান্তর হয়।
এর মধ্যেও ময়নাতদন্ত প্রতিবেদন পুলিশ না পাওয়ার মধ্যে সোমবার আদালত লাশ কবর থেকে তুলে পুনরায় ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে। এখন তদন্তের ভার চেপেছে সিআইডির উপর।
“ঘটনার গুরুত্ব অনুধাবন করে সিআইডিকে এই হত্যাকাণ্ড তদন্তের ভার দেওয়া হয়েছে। সাথে জেলা পুলিশ এবং গোয়েন্দা পুলিশও কাজ করছে,” বলেছে পুলিশ।
সোহাগী জাহান তনু
মামলার সঙ্গে সঙ্গে সন্দেহভাজনদের গ্রেপ্তারের বহু নজির থাকলেও তনু হত্যাকাণ্ডের তদন্তে তা না হওয়ার ব্যাখ্যায় পুলিশ সদর দপ্তর বলেছে, “তদন্তে ভুল হলে সবার কাছেই তা প্রশ্নবিদ্ধ হয়। এমনকি প্রকৃত দায়ী ব্যক্তি বা ব্যক্তিবর্গ সেই ভুলের দিকে আঙুল তুলে নানা সুযোগ গ্রহণ করতে পারে। এতে ন্যায়বিচার ব্যাহত হবার আশঙ্কা থেকে যায়।
“সেজন্য সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রকৃত আসামি চিহ্নিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তনু হত্যাকাণ্ডের প্রকৃত আসামিকে চিহ্নিত করেই তাকে গ্রেপ্তার করার ব্যাপারে আমরা প্রত্যয়ী। তবে এটা অবশ্যই সময় সাপেক্ষ।”
আইন-বিধি লঙ্ঘনের নানা অভিযোগের মুখে থাকা পুলিশ আরও বলেছে, “পুলিশকে বেশিরভাগ সময়ই কাজ করতে হয় আইন কানুন ও বিধি বিধানের মধ্যে থেকে।
“ক্লুলেস মামলার তদন্ত করা সব সময়ই একটি বড় চ্যালেঞ্জ। অত্র মামলার তদন্তের জন্য গঠিত তদন্ত টিম এই মামলাটিতে উদঘাটনে যথাযথ মনোযোগী এবং আন্তরিক।”
তনু হত্যাকাণ্ডের প্রতিবাদীদের আন্দোলনের প্রতি শ্রদ্ধা রেখে অতিরিক্ত উপ মহাপুলিশ পরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে বলা হয়, “তবে রাস্তা-ঘাটে প্রতিবন্ধকতা সৃষ্টি হলে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ে। পুলিশের অপরাধ দমন এবং উদঘাটনের পেশাগত দায়িত্বও বাধাগ্রস্ত হয়।
“সেজন্য সকলের কাছে তনু হত্যাকাণ্ডের যথাযথ তদন্তের জন্য অনুকূল সহযোগিতা প্রত্যাশা করি।”
