২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সময় নিয়েও অবৈধ স্থাপনা ভাঙছেন না ভবন মালিকরা

ভবনের নিচ তলার পার্কিং এলাকায় নির্মাণ করা স্থাপনা সরিয়ে নিতে রাজউকের কাছে সময় নিয়ে তা পালন করেননি ধানমন্ডি এলাকার কয়েকজন ভবন মালিক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2016, 11:58 PM

Updated : 20 Aug 2022, 12:17 PM

সোমবার রাজউকের উচ্ছেদ অভিযানে এ ধরনের কয়েকটি ভবনের মালিককে জরিমানা করা হয়। সেই সঙ্গে কয়েকটি ব্যাংক ও ব্যবসা প্রতিষ্ঠানকেও জরিমানা করা হয়।

এদিন রাজধানীর পান্থপথ রোড ও মিরপুর রোডে পুনঃউচ্ছেদ অভিযান পরিচালনা করেন রাজউকের অথরাইজড্ অফিসার আ জ ম শফিউল হান্নান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাসির উদ্দিন।

রাজউকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পান্থপথের ‘সুন্দরম টাওয়ার’ এর নিচ তলায় অবস্থিত তিনটি বুথ আগের দেওয়া সময় অতিক্রান্ত হওয়ার পরও সরিয়ে না নেওয়ায় ভবন মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়। তিন দিনের মধ্যে এগুলো অপসারণের জন্য পুনরায় মুচলেকা নেওয়া হয়।

এছাড়া এই বুথ সংশ্লিষ্ট এবি ব্যাংককে এক লাখ টাকা, ডাচ বাংলা ব্যাংককে দুই লাখ টাকা ও যমুনা ব্যাংককে এক লাখ টাকা জরিমানা করা হয় বলে রাজউক জানায়।

একই এলাকার একটি ভবনের নিচ তলার ‘সপ্তডিঙ্গা রেস্টুরেন্ট’ গুঁড়িয়ে দেওয়া হয়।

মিরপুর রোডের বাড়ি নং ১০০/বি এর নিচ তলার একটি টায়ারের দোকানের একাংশ ভেঙে ফেলা হয় ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

কলাবাগানের ‘লাজ ফার্মা’কে ৫০ হাজার টাকা জরিমানা এবং অবৈধ স্থাপনা অপসারণের জন্য এক মাস সময় দেওয়া হয়েছে বলে জানায় রাজউক।

ওই এলাকায় ‘মরণ চাঁদ সুইটস’ গুঁড়িয়ে দেয় ভ্রাম্যমাণ আদালত। 

একই দিনে গুলশান-২ এর নর্থ এভিনিউ রোডে নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার ওলিউর রহমানের নেতৃত্বে বেশ কিছু ভবনের সামনে ফুটপাতের উপর স্থাপিত বেড়া (ফেন্সিং), বাগান অপসারণ, অবৈধ স্থাপনা ও র‌্যাম্প উচ্ছেদ করা হয়।