‘সোনার বাংলা’ গড়তে আ. লীগকে আরও সময় দেওয়ার আহ্বান পলকের
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে বর্তমান সরকারকে আরও পাঁচ থেকে ১০ বছর দায়িত্বে রাখতে হবে বলে মনে করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বাংলাদেশকে সঠিক নেতৃত্ব দেওয়ার জন্য একটি নিরাপদ নেতৃত্ব রাখার সময় এসেছে বলে সোমবার ঢাকায় এক আলোচনা সভায় মন্তব্য করেন তিনি।
গত সাত বছরে আওয়ামী ক্ষমতায় থাকালে বাংলাদেশ সব ক্ষেত্রে ‘বিশেষভাবে এগিয়েছে’ মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, “আর যদি কিছুটা সময়- ৫টা বা ১০টা বছর আমরা স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেওয়া দল বঙ্গবন্ধুর আওয়ামী লীগকে দায়িত্ব রাখতে পারি, জননেত্রী শেখ হাসিনার প্রতি আশ্বাস রাখতে পারি, তবে অবশ্যই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবে রুপদান করতে পারব।”
স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে এ আলোচনা সভা হয়। আলোচনা সভা শেষে চলে সাংস্কৃতিক পর্ব।
পঁচাত্তরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর দীর্ঘদিন দেশের ‘উন্নয়নের চাকাকে’ থামিয়ে রাখায় স্বপ্নের সোনার বাংলা গড়তে বর্তমান সরকারকে প্রাথমিক পর্যায় থেকে শুরু করতে হয়েছে বলে আলোচনায় দাবি করেন প্রতিমন্ত্রী পলক।
তিনি বলেন, “১৯৭৫ সালে জাতির পিতার হত্যাকাণ্ডের পর ২১ বছর বাংলাদেশের উন্নয়নের চাকাকে থামিয়ে দেওয়া হয়েছে। এ সময় দুটি প্রজন্মকে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও জয় বাংলা শব্দের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়নি। কিন্তু সেই কুফল আমাদের ভোগ করতে হয়েছে।
আলোচনা সভায় বক্তব্য রাখছেন মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এই প্রতিমন্ত্রী আরও বলেন, “২১ বছর পর জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৯৯৬ থেকে ২০০১ এবং ২০০৯ থেকে এ পর্যন্ত কিছু বছর ধরে মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয়ের ইতিহাস শিশু তরুণদের কাছে পৌছে দিচ্ছি।
“বর্তমানে বাংলাদেশ আশাবাদী জাতি হিসেবে পরিচিতি লাভ করেছে, দ্রুত অগ্রসরমান অর্থনৈতিক প্রবৃদ্ধির দেশ বাংলাদেশ।”
‘মধ্যম আয়ের উন্নত ও ডিজিটাল বাংলাদেশ গড়ার সংগ্রামে’ দলমত-জাতি-ধর্ম নির্বিশেষে সবাইকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে পলক বলেন, “দেশ ও দেশের মানুষকে এমন নেতৃত্ব রাখতে হবে- যার কাছে আপনার দেশ ও দেশের মানুষ নিরাপদ থাকে।”
আলোচনায় মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর শিকদার, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলাম, হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, অতিরিক্ত সচিব সুশান্ত কুমার সাহাসহ অন্যরা বক্তব্য রাখেন।
