পোস্তগোলায় বাস উল্টে পথচারী নিহত
ঢাকার পোস্তগোলায় বাস উল্টে এক পথচারী নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও অন্তত তিনজন।
আনুমানিক ত্রিশ বছর বয়সী নিহত ব্যক্তির নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
শ্যামপুর থানার ওসি আব্দুর রাজ্জাক শেখ বলেন, সোমবার বিকালে পোস্তগোলায় বুড়িগঙ্গা প্রথম সেতুর ঢালে এ দুর্ঘটনা ঘটে।
আহত আব্দুল মালেক (৩০), কাজল (৪০) ও খুকী (৩৫) নামে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বলেন।
শ্যামপুরের ওসি রাজ্জাক বলেন, সোমবার বিকালে আপন পরিবহনের একটি বাস মাওয়া থেকে ছেড়ে এসে বুড়িগঙ্গা প্রথম সেতুর ঢালে নিয়ন্ত্রণ হারায়।
এ সময় বাসটি সড়ক দ্বীপের সঙ্গে ধাক্কা লেগে কাত হয়ে যায়। এতে একজন পথচারী মারা যান এবং বাসের কয়েকজন যাত্রী আহত হন।
আপন পরিবহনের বাস মাওয়া থেকে যাত্রাবাড়ী চলাচল করে।
