ঢাকার কদমতলীতে তরুণকে গলাকেটে হত্যা
রাজধানীর কদমতলীতে নিজের বাড়ির মধ্যে এক তরুণকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহতের নাম মো. স্বাধীন (১৮)। তিনি এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছিলেন বলে পুলিশ জানায়।
কদমতলী থানার ওসি কাজী ওয়াজেদ আলী বলেন, সোমবার দুপুরে দক্ষিণ দনিয়ার গোয়ালবাড়িতে নিজের বাড়িতে দুর্বৃত্তরা স্বাধীনকে গলাকেটে হত্যা করে।
স্বাধীন মা-বাবার সঙ্গে থাকেন। তার মা সকালে ওই এলাকায়ই তার বাবার বাসায় গিয়েছিলেন। তার বাবা সোহেল মিয়াও ছিলেন বাইরে।
পুলিশ জানায়, নিচতলা বাসার দরজার বাইরে তবে ভবনের ফটকের মধ্যেই স্বাধীনের রক্তাক্ত লাশ পাওয়া যায়।
স্বাধীনের বাসার কোনো কিছু খোয়া যায়নি জানিয়ে ওসি বলেন, “কোনো কিছু নিয়ে বিরোধের জের ধরে এই তরুণের বন্ধুরাই এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে।”
স্বাধীনের বড় ভাই বিদেশে থাকেন। তার বাবা একটি ফিলিং স্টেশনে চাকরি করেন।
ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
