২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নকশা জালিয়াতি: আতিকউল্লাহ মাসুদকে আত্মসমর্পণের নির্দেশ

ভবনের নকশা জালিয়াতির এক মামলায় গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবারের চেয়ারম্যান আতিকউল্লাহ খান মাসুদের সাজা বাতিল করে হাই কোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি পেযেছে দুদক।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2016, 11:45 AM

Updated : 12 Apr 2022, 01:43 AM

সেই সঙ্গে জনকণ্ঠ সম্পাদক আতিকউল্লাহ খানকে সাত দিনের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।

দুদকের ‘লিভ টু আপিল’ মঞ্জুর করে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ সোমবার এই আদেশ দেয়।

দুদকের পক্ষে আদালতে শুনানি করেন খুরশীদ আলম খান। আর আতিকউল্লাহ খান মাসুদের পক্ষে ছিলেন এ এস এম আবদুল মোবিন।

রাজউক কর্মকর্তাদের সহায়তায় নকশা জালিয়াতি করে ভবন নির্মাণের অভিযোগে গ্লোব কনস্ট্রাকশনের চেয়ারম্যান আতিকউল্লাহ খান মাসুদের বিরুদ্ধে ২০০৭ সালে মোট পাঁচটি মামলা করে দুদক।

এসব মামলায় তাকে মোট ৩৫ বছরের কারাদণ্ড এবং ১৬ কোটি টাকা অর্থদণ্ড দেয় বিচারিক আদালত। এছাড়া ঘোষিত আয়ের বাইরে সম্পদের মালিক হওয়ার মামলায় ২০০৮ সালে তাকে দেওয়া হয় ১৩ বছর কারাদণ্ড।

নকশা জালিয়াতির এ মামলাটি দায়ের করা হয় ওই বছর ৩০ সেপ্টেম্বর। দুর্নীতি দমন কমিশনের উপসহকারী পরিচালক মাহমুদ হাসান মতিঝিল থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় অভিযোগ করা হয়, আতিকউল্লাহ খান মাসুদ মালিবাগ ডিআইটি রোডে একটি ১৫তলা ভবন নির্মাণের জন্য ১৯৯৯ সালের ১৯ এপ্রিল রাজউকের কাছে আবেদন করেন। ২৩ মে রাজউকের অথরাইজড অফিসার এটিএম কামরুজ্জামান নিজেই স্বাক্ষর করে একটি ভুয়া নকশা তৈরি করেন। পরে

ওই নকশা ও অনুমোদন দেখিয়ে গ্লোব কনস্ট্রাকশনের এমডি আতিকউল্লাহ খান ফ্ল্যাট বিক্রির নামে ১৭ জনের কাছ থেকে ১ কোটি ২২ লাখ ৪৪ হাজার টাকা নেন বলে অভিযোগ করা হয় মামলায়।

পরের বছর ১৪ মে সংসদ ভবনে বসানো বিশেষ জজ আদালত-২ এর বিচারক অমর কুমার রায় এ মামলায় জনকণ্ঠের সম্পাদক আতিকউল্লাহ খান মাসুদকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেন। মামলার অপর আসামি রাজউকের অথরাইজড অফিসার এটিএম কামরুজ্জামান খানকেও একই সাজা দেওয়া হয়।

দুজনকে এক কোটি ২২ লাখ ৪৪ হাজার ২০০ টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরও এক বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয় রায়ে।

আতিকউল্লাহ খান মাসুদ উচ্চ আদালতে আপিল করলে ২০১২ সালে হাই কোর্ট সাজার রায় বাতিল করে তাকে খালাস দেয়।

ওই রায়ের বিরুদ্ধে দুদক ২০১৪ সালে আপিলের অনুমতি চেয়ে আবেদন করে, যা সোমবার মঞ্জুর করা হলো।

সেনা নিয়ন্ত্রিত সেই তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ২০০৭ সালের ৭ মার্চ যৌথ বাহিনী জনকণ্ঠ ভবন থেকে আতিকউল্লাহ খান মাসুদকে গ্রেপ্তার করে।

২০০৮ সালের শেষে নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সব মামলায় জামিন পান আতিকউল্লাহ খান। পরের বছর ২০ জানুয়ারি তিনি কারাগার থেকে মুক্তি পান। 

সর্বশেষ গতবছর অগাস্টে বিচারাধীন বিষয়ে বিচারকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে নিবন্ধ প্রকাশ করায় জনকণ্ঠ সম্পাদককে আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত করে সাজা দেয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

পুরনো খবর:

জনকণ্ঠ সম্পাদকসহ তিনজনকে গ্রেপ্তারের নির্দেশ