প্রতিবন্ধকতা জয় করে ‘এই বাংলাদেশ’: প্রধানমন্ত্রী
দেশি-বিদেশি নানা ধরনের প্রতিবন্ধকতা মোকাবিলা করে বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে আবির্ভূত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, “আজকে যখন আমরা স্বাধীনতার চেতনা নিয়ে এগিয়ে যাচ্ছি, দেশ যখন উদয়ের পথে। পাশাপাশি যুদ্ধাপরাধীদের বিচার আমরা শুরু করে দিয়েছি। তখন নানাভাবে আমাদের সরকারকে হেয় করার চেষ্টা অব্যাহত থাকবে, এটা খুবই স্বাভাবিক।
“কারণ ওই পাকিস্তানি শক্তির দোসর বা পঁচাত্তরের পনেরো অগাস্টের খুনিদের দোসর; তারাতো এমনিতেই থেমে যাবে না। তারা সব সময়ই সক্রিয় থাকবে। এটা আমাদের মাথায় রেখেই চলতে হবে এবং তাদের মোকাবিলা করেই চলতে হবে।”
প্রধানমন্ত্রী বলেন, “আমরা সেভাবেই এগিয়ে যাচ্ছি। শত প্রতিন্ধকতা এবং এই প্রতিবন্ধকতা যে শুধু আমার দেশের ভেতর থেকে তা তো না। ভেতরে বাইরে অনেক জায়গা থেকে বারবার বাধা আসে। সেসব বাধা অতিক্রম করেই আমরা এগিয়ে যাচ্ছি।”
‘বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বলেই সারা বিশ্বের চোখ বাংলাদেশের প্রতি’ জানিয়ে শেখ হাসিনা বলেন, “উন্নয়নের রোল মডেল হিসেবে তারা বাংলাদেশকে দেখছে। অনেকের কাছে এটা মনে হয় বিস্ময় যে কী করে পারলো।”
তিনি বলেন, এ অর্জন সম্ভব হয়েছে নীতি আদর্শ নিয়ে চলার কারণেই। ক্ষমতা নিজের ভাগ্য উন্নয়নের জন্য নয়, বরং দেশের মানুষের ভাগ্য উন্নয়ন ও কল্যাণে কাজ করা।
জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর স্বাধীনতার সুফল বাংলার মানুষের ঘরে ঘরে পৌঁছুতে শুরু করেছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
“বাংলাদেশের মানুষ কারও কাছে হাত পেতে চলবে না। বিজয়ী জাতি হিসেবে আমরা বিশ্বে মাথা উঁচু করে চলবো।”
অতীতে স্বাধীনতার সপক্ষের শক্তিকে নানাভাবে দমনের চেষ্টা করলেও কেউ ‘দাবায়ে রাখতে পারেনি’ বলে জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, “একুশ বছর ধরে চেষ্টা করেছে, পারে নাই।”
মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাসের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “অনেক রক্ত, অনেক ব্যথা-বেদনার ভেতর দিয়ে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি। এত রক্ত, এত আত্মত্যাগ কখনও বৃথা যেতে পারে না। কাজেই আমরা তা বৃথা যেতে দেব না।”
স্বাধীনতা দিবসের আলোচনার শুরুতেই শেখ হাসিনা স্মরণ করেন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধুকে।
একইসঙ্গে তিনি বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে স্বাধীনতা যুদ্ধ পরিচালনাকারী জাতীয় চার নেতা এবং মুক্তিযুদ্ধে শহীদ, ত্যাগ স্বীকারকারী ও অংশগ্রহণকারীদের স্মরণ করেন।
প্রধানমন্ত্রী স্বাধীন বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে বঙ্গবন্ধুর দীর্ঘ রাজনৈতিক জীবন ও গুরুত্বপূর্ণ পদক্ষেপের বিষয়ে অনুষ্ঠানে আলোকপাত করেন।
“বাংলাদেশকে তিনি (বঙ্গবন্ধু) স্বাধীন করবেন, এই চিন্তা তার শুরু থেকেই। পতাকার ডিজাইন কী হবে সেটাও তিনি নিজেই ঠিক করে দিয়েছিলেন। ধাপে ধাপে তিনি বাঙালি জাতিকে স্বাধীনতা সংগ্রামের দিকে নিয়ে গিয়েছিলেন।”
বঙ্গবন্ধুর ১৯৬৯ সালে লন্ডন সফরের সময় গেরিলা যুদ্ধের সিদ্ধান্ত হয়েছিল বলে জানান শেখ হাসিনা।
“লন্ডনে বসেই তিনি গেরিলারা কোথায় ট্রেনিং পাবে সেই ব্যবস্থা করেছিলেন। শরণার্থীদের কারা শেল্টার দেবে, গেরিলাদের জন্য অস্ত্র কোথা থেকে আসবে। সবকিছু তিনি ওইসময় বসে পুরো প্ল্যান করে আসেন।”
সমস্ত আয়োজন সম্পন্ন করে তিনি নির্বাচনে অংশ নেন বলেও জানান বঙ্গবন্ধু কন্যা।
“তিনি অসহযোগ আন্দোলনের যে ডাক দিয়েছিলেন, পৃথিবীর ইতিহাসে কোনো নেতা এ ধরনের অসহযোগ আন্দোলন করতে পারে নাই। বঙ্গবন্ধু যে নির্দেশ দিতেন সমগ্র বাঙালি জাতি সেটা অক্ষরে অক্ষরে পালন করতেন।”
এই অসহযোগ আন্দোলনের মধ্য দিয়ে স্বাধীনতার দিকে ধাপে ধাপে এগিয়ে যাওয়ার পর ঐতিহাসিক সাতই মার্চের প্রেক্ষাপট তৈরি হয়েছিল বলে জানান শেখ হাসিনা।
“তিনি সব নির্দেশ দিয়ে গেছেন কি কি করতে হবে। এটাও বলে গেছেন, আমি যদি হুকুম দিবার নাও পারি…। পাকিস্তানি বাহিনী যখন পিলখানা, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থান আক্রমণ করে তখনই তিনি স্বাধীনতার ঘোষণা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।”
প্রধানমন্ত্রী বলেন, “যখনই স্বাধীনতার ঘোষণাটা প্রচার হয়ে গেল সাথে সাথে ৩২ নম্বরের বাড়িতে হানা দিয়ে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে নিয়ে যায় পাকিস্তানি সেনারা।
“এরপর নয়মাস যুদ্ধ সংগ্রামের ভেতর দিয়ে স্বাধীনতা অর্জন করে যখন বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বনির্ভর দেশ গড়ার কাজ চলছে তখনই জাতির জনককে হত্যা করা হয়।”
বর্তমানেও চক্রান্ত চলছে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, “যখন সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে দেশ সুষ্ঠুভাবে এগিয়ে যাচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠান চালু করে ছেলেমেয়েরা লেখাপড়া শুরু করে দিয়েছে, যখন স্বস্তি ফিরে এসেছে, মানুষ যখন নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে শুরু করেছে, স্বাধীনতার স্বাদ পেতে শুরু করেছে, তখনই একদল নেমে পড়লো এটা হয় নাই, ওটা হয় নাই। এটা হচ্ছে না ওটা হচ্ছে না। নানা ধরনের কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। নানা ধরনের অপবাদ ছড়ানোর চেষ্টা করছে।
“কাদের স্বার্থে তারা করেছিল, কাদের পয়সায় করেছিল? আমার মনে হয় এটাতেও একটা গবেষণা করার বিষয় আছে। সেগুলি করে করে বঙ্গবন্ধুকে ছোট করে দেখানোর, তার জনপ্রিয়তা কমানোর জন্য চেষ্টা করা। কিন্তু সেটাও যখন পারে নাই তারপরে পঁচাত্তরের পনেরোই অগাস্টের ঘটনা।”
জিয়াউর রহমান ‘অবৈধভাবে’ ক্ষমতায় এসেই যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করে দিয়েছিলেন বলে জানান শেখ হাসিনা।
তিনি বলেন, “বিচার বন্ধ করে তাদেরকেই (যুদ্ধাপরাধী) তার মন্ত্রী, প্রধানমন্ত্রী, উপদেষ্টা বানিয়ে পুর্নবাসন করা হল। কাজেই যারা স্বাধীনতা চেয়েছিল বা এনেছিল তাদের আর স্থান থাকলো না, স্থান হয়ে গেল পরাজিত শক্তির।”
পরাজিত শক্তি ২১ বছর বাংলাদেশ শাসন করার ফলে দেশের মানুষ সেই সময় স্বাধীনতার ‘সুফলই পায়নি’ বলে জানান প্রধানমন্ত্রী।
“ইতিহাস বিকৃতি করা, স্বাধীনতার ঘোষক, পাঠক নিয়ে মানুষকে বিভ্রান্তি করা হয়েছে। পুরো ইতিহাসটা একেবারে মুছে ফেলার চেষ্টা। কী দুর্ভাগ্য আমাদের দেশের যে, একটা জেনারেশন জানতেই পারেনি, উপলব্ধিই করতে পারেনি।”
আগের সেই অবস্থার পরিবর্তন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “যখনই আমরা ক্ষমতায় আসি তখনই এদেশের মানুষ আস্থা ফিরে পায়। বিশ্বাস ফিরে পায়। আর দেশের মানুষের উন্নতি হয়।
“যে ইতিহাস মানুষের মুছে ফেলেছিল আজ মানুষের কাছে সে ইতিহাস আসছে। মানুষ জানতে পারছে।”
বিভিন্ন ক্ষেত্রে দেশের এগিয়ে যাওয়ার উদাহরণ টেনে প্রধানমন্ত্রী বলেন, “যারা পরাজিত শক্তির দোসর ছিল তাদের এটা ভালো লাগবে না।”
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে তিনি বলেন, “মানুষের পুড়িয়ে মারলেই তার মুখে হাসি ফোটে। মানুষের ভাল দেখলে তার মুখে হাসি ফোটে না। এখন মানুষের মুখে হাসি আছে, তার মুখে হাসি নেই। এটাই স্বাভাবিক। এর বেশি তার কাছ থেকে আশা করা যায় না।”
২০১৫ সালের শুরুতে হরতাল-অবরোধে পেট্রোল বোমা মেরে মানুষ পুড়িয়ে মারার ঘটনা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “তখন তার মুখে নিশ্চয়ই হায়েনার হাসি ছিল।”
সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক, মাহবুবুল আলম হানিফ, দীপু মনি প্রমুখ।
