২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুরান ঢাকায় ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

পুরান ঢাকার বংশালে একটি ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে এক যুবক নিহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2016, 06:50 PM

Updated : 20 Aug 2022, 12:17 PM

নিহত সাহাদাত হোসেসের (৩২) বাড়ি লক্ষ্মীপুর সদরের বাছিতপুরে।

রোববার বিকালে সাহাদাতকে তার ভগ্নিপতি রিয়াজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান।

সুরিটোলার লুৎফর রহমান লেনের ছয়তলা ওই ভবনের পাঁচতলায় থাকেন রিয়াজ। সাহাদাত শনিবার স্ত্রীকে নিয়ে তার বাড়িতে বেড়াতে এসেছিলেন।

রিয়াজ সাংবাদিকদের বলেন, “বিকালে সাহাদাত বাসা থেকে বের হয়েছিল। কিছুক্ষণ পর বাড়ির দারোয়ান এসে আমাদের জানায় যে এক ব্যক্তি বাসার ছাদ থেকে নিচে পড়ে গেছে।”

কীভাবে সাহাদাত পড়ে গেলেন, সে বিষয়ে কিছু জানা যায়নি। 

ওমান প্রবাসী সাহাদাত দেড় মাস আগে দেশে ফেরেন। ১২ দিন আগে তার বিয়ে হয়েছিল বলে তার ভগ্নিপতি জানান।

তিন ভাই, দুই বোনের মধ্যে সাহাদাত ছিলেন বড়। তার বাবার নাম মো. মোস্তফা মিয়া।