২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কণ্ঠশিল্পী কৃষ্ণকলির গৃহকর্মীর ‘আত্মহত্যা’

কণ্ঠশিল্পী কৃষ্ণকলির বাসার গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই কিশোরী আত্মহত্যা করেছেন বলে দাবি করা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2016, 11:41 PM

Updated : 20 Aug 2022, 12:15 PM

বুধবার বিকালে শেরে বাংলা নগর থানা এলাকার আর্কেড হেনা গার্ডেনে কৃষ্ণকলির ফ্ল্যাট থেকে জান্নান আকতার শিল্পী (১৭) নামে ওই গৃহকর্মীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

কৃষ্ণকলির স্বামী খালেকুর রহমানসহ আরও কয়েকজন হাসপাতালে আনলে চিকিৎসক শিল্পীকে মৃত ঘোষণা করেন বলে জানান ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক।

খালেকুরকে উদ্ধৃত করে এই পুলিশ কর্মকর্তা বলেন, “বিকালে শিল্পী নিজের কক্ষে ঢুকে দরজা আটকে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে ছিল। কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ঢুকে তাকে উদ্ধার করা হয়।”

খালেকুর হাসপাতালে সাংবাদিকদের জানান, রাশেদা নামে এক নারী দেড় মাস আগে শিল্পীকে তাদের বাসায় কাজে দিয়েছিলেন।তার বাড়ি নেত্রকোণায়।  

“কী কারণে সে এই ঘটনা ঘটিয়েছে, তা আমাদের বোধগম্য নয় “ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন তিনি।

শেরে বাংলা নগর ওসি গনেশ গোপাল দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ময়নাতদন্তের জন্য শিল্পীর লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।