২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জোহা ‘উদভ্রান্তের মতো’ ঘুরছিল: পুলিশ

মধ্যরাতে তানভীর হাসান জোহাকে বাসায় পৌঁছে দিয়ে গোয়েন্দা পুলিশ বলছে, এক সপ্তাহ ধরে নিখোঁজ এই ‘তথ্য-প্রযুক্তি বিশেষজ্ঞকে’ রাস্তায় ‘উদভ্রান্ত’ হয়ে ঘুরতে থাকা অবস্থায় পান তারা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2016, 07:17 PM

Updated : 20 Aug 2022, 12:15 PM

গত ১৯ মার্চ মধ্যরাতে ঢাকা সেনানিবাস এলাকা থেকে জোহাকে তুলে নেওয়ার পর সরকারি কোনো বাহিনী আটকের খবর স্বীকার না করলেও তাদের দিকেই ছিল সন্দেহের তীর।

পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তোলা তানভীর জোহার পরিবার গত শনিবার থানায় গিয়েও একটি টেলিফোন পেয়ে জিডি না করেই ফিরে আসেন। 

কে বা কারা ফোন করেছিল- সে বিষয়ে মুখ না খুললেও তাদের কথায় সে সময় ইঙ্গিত মিলেছিল, বিভিন্ন সময়ে বিভিন্ন বাহিনীকে তথ্য প্রযুক্তি সহায়তা দিয়ে আসা জোহা কোনো বাহিনীর কাছেই আছে বলে তাদের ধারণা।

আটকের খবর স্বীকার না করলেও একটি বাহিনীর শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তা সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “দেখবেন কয়েকদিনের মধ্যে জোহাকে পাওয়া যাবে।”

তার দু’দিনের মধ্যে মঙ্গলবার মধ্যরাতে জোহাকে রাজধানীর কলাবাগানের লেক সার্কাসে তার বাসায় পৌঁছে দিয়ে আসা হয়।

তারা নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর লোক পরিচয় দিলেও কোন বাহিনীর, তা প্রকাশ করেনি বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান জোহার চাচা বিটিভির সাবেক উপ-মহাপরিচালক মাহবুবুল আলম।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাদা পোশাকের কয়েকজন লোক রাত ১টা থেকে দেড়টার মধ্যে গাড়িতে করে তাদের কলাবাগানের লেক সার্কাসের বাসায় জোহাকে নিয়ে আসে।

“তারা নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর লোক পরিচয় দেয়। তবে সুনির্দিষ্টভাবে কোন বাহিনীর, তা বলেনি। তারা বলে, জোহা উদভ্রান্তের মতো বিমানবন্দর এলাকায় ঘুরে বেড়াচ্ছিল। পরে তারা বাসায় নিয়ে আসে।”

এরপর দুপুরে ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মারুফ হোসেন সরদার জানান, তারাই জোহাকে পৌঁছে দিয়ে আসেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গোয়েন্দা পুলিশ একটি সোর্সের মাধ্যমে খবর পায়, বিমানবন্দর এলাকায় একজন উদভ্রান্তের মতো ঘুরছেন। পরে গোয়েন্দা পুলিশের একটি দল গিয়ে তাকে সেখান থেকে উদ্ধার করে এবং ঠিকানা জেনে কলাবাগানের বাসায় পৌঁছে দেয়।”

জোহাকে ফিরে পেয়ে স্বস্তিতে থাকা স্বজনরা এখন জোহার নিখোঁজ থাকার সাত দিনের বিষয়ে কিছুই বলতে চাইছেন না।  

রাতে ফিরে আসার পর জোহাকে বিধ্বস্ত দেখাচ্ছিল জানিয়ে চাচা মাহবুবুল বলেন, “আমরা হঠাৎ করেই বুঝি যে, জোহা ফিরে এসেছে। তখন আবেগঘন পরিবেশ তৈরি হয়। ওই সময় জিজ্ঞেস করতে পারিনি।

“জোহা রাত ৩টা পর্যন্ত সবার সাথে কথা বলছিল। পরে তাকে জোর করে বিশ্রামে পাঠানো হয়।”

তার এক আত্মীয় জানান, জোহার মুখে খোঁচা খোঁচা দাড়ি গজিয়েছে। চোখের নিচে দাগ পড়ে গেছে। তাকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে।

সংবাদকর্মীরা জোহার সঙ্গে কথা বলতে চাইলেও তাকে পাওয়া যায়নি।

মাহবুবুল বলেন, “পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত কারও সঙ্গে কথা বলবে না। সন্তানের নিরাপত্তা-সুস্থতা সবার আগে। সেটি নিশ্চিত হওয়ার পরে সে কথা বলতে পারবে।

“সে বালক নয়, সুস্থ হওয়ার পর সে-ই সিদ্ধান্ত নিবে সংবাদ মাধ্যমের সাথে কখন কীভাবে কথা বলবে।”  

ভাতিজা ফিরে আসায় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানান বিটিভির সাবেক এই কর্মকর্তা। গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় জোহার সন্ধান দাবিতে যারা সোচ্চার ছিলেন, তাদের প্রতিও কৃতজ্ঞতাও জানান তিনি।

হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি নিয়ে গণমাধ্যমে কথা বলে আলোচনায় উঠে আসেন তানভীর জোহা।

তানভীরের স্ত্রী ডা. কামরুন নাহার বলেন,তার স্বামী বাংলাদেশের প্রতিটি গোয়েন্দা সংস্থার সঙ্গেই তথ্য প্রযুক্তি সহায়তা দিতে কাজ করেছেন। বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচিতে প্রশিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন।

সরকারের আইসিটি বিভাগের সাইবার সিকিউরিটি ফোকাল পয়েন্টের কর্মকর্তা পরিচয়ে রিজার্ভ চুরির তদন্তের নানা বিষয়ে গণমাধ্যমে কথা বলছিলেন জোহা।

এরপর আইসিটি বিভাগ থেকে পাঠানো এক বিবৃতিতে তানভীরের সঙ্গে বিভাগের কোনো ধরনের সংশ্লিষ্টতার খবর নাকচ করা হয়। তখন তানভীর বলেন, তিনি আগে এই বিভাগের কাজে যুক্ত ছিলেন।

জোহা বর্তমানে ইনসাইট বাংলাদেশ ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান। এর কার্যালয় ঢাকার মিরপুরে।

পুরনো খবর:

‘নিখোঁজ’ তানভীর জোহার পরিবারকে ‘ঘোরাচ্ছে’ পুলিশ
‘একটি ফোন পেয়ে’ আশায় এখন তানভীর জোহার পরিবার
জোহা বাড়ি ‘ফিরেছেন’