পতাকা উৎসবে হাজারো শিশু-কিশোরের শপথ
ত্রিশ লাখ শহীদের রক্তে অর্জিত জাতীয় পতাকার মর্যাদা সমুন্নত রাখার শপথ নিয়েছে শিশু-কিশোরসহ নানা শ্রেণি-পেশার মানুষ।
বুধবার দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পতাকা উৎসবে এ শপথ অনুষ্ঠান হয়। বাংলাদেশ পুলিশের সহযোগিতায় জাতীয় পতাকা উৎসব উদযাপন কমিটি আয়োজিত অনুষ্ঠানে রাজধানীর বিভিন্ন বিদ্যালয়ের কয়েক হাজার শিশু-কিশোর অংশ নেয়।
মুক্তিযুদ্ধ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুষ্ঠানে শপথবাক্য পাঠ করান কমিটির আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি অধ্যাপক মাহফুজা খানম।
শপথবাক্যে বলা হয়, “আমরা শপথ করছি যে, জাতীয় পতাকার মর্যাদা সমুন্নত রাখব। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস, বাঙালির বীরত্বের কাহিনী সব সময় নিজের মধ্যে ধারণ করব। বাংলাদেশের জন্য আমাদের সবটুকু ভালোবাসা সবসময় আমাদের হাতিয়ার হয়ে থাকবে।
এর আগে সকালে ‘শিখা চিরন্তনের’ সামনে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে উৎসব শুরু হয়। এরপর জাতীয় সঙ্গীত পরিবেশনের পর শুরু হয় জাতীয় পতাকা মিছিল।
মিছিলের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এ সময় অন্যদের মধ্যে ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার, পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক, বাংলাদেশের মানচিত্র খচিত পতাকার নকশাকার শিব নারায়ণ দাস, উৎসব উদযাপন কমিটির সদস্যসচিব অধ্যাপক খন্দকার বজলুল হক ও ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।
মিছিলটি শিখা চিরন্তন থেকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে দিয়ে মৎস্য ভবন মোড় ঘুরে পুনরায় সোহরাওয়ার্দী পৌঁছে শেষ হয়।
এরপর আলোচনা পর্বে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী ফিজার বলেন, কোমলমতি শিশুদের সামনে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার জন্য আজকের এই উৎসব।
“মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করে নতুন ধারা সৃষ্টির নানা চেষ্টা হয়েছিল, তার বিপরীতে আমরা নতুন কিছু আনছি না, সঠিক ইতিহাস তুলে ধরারই চেষ্টা করছি।”
মুক্তিযুদ্ধের চেতনায় সবাইকে উজ্জীবীত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “মুক্তিযুদ্ধের চেতনা কারও একার নয়। সারাদেশ থেকে আজ দাবি উঠেছে, বাংলাদেশের সরকারি দল কিংবা বিরোধী দল- সবাইকে মুক্তিযুদ্ধের দল হতে হবে।”
শিক্ষার্থীদের পঠন-পাঠন ও মননে মুক্তিযুদ্ধকে ধারণে শিক্ষকদের ভূমিকা রাখার আহ্বান জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বলেন, “জাতীয় সঙ্গীত ও পতাকার চেতনা শিশুদের মাঝে তুলে ধরুন, ছড়িয়ে দিন; যাতে শিশুরা নিজেদের অস্তিত্বে তা ধারণ করে।”
“এটা তাদের জন্য বুমেরাং হয়েছিল। আমরা এখানে সাতই মার্চের ভাষণ, পাকিস্তানিদের আত্মসমর্পণের স্থানসহ মুক্তিযুদ্ধের বিভিন্ন ঘটনার স্থান তুলে ধরার কাজ করছি। এখানে শিশুপার্কও থাকবে, পাশাপাশি মুক্তিযুদ্ধের ইতিহাস ধারণ করার সব কিছুই থাকবে।”
অনুষ্ঠানে মানচিত্র খচিত পতাকা তৈরির ইতিহাস তুলে ধরেন নকশাকার শিব নারায়ণ দাস।
“পতাকা তৈরির পেছনের কথা মনে পড়লে আমি বিহ্বল হয়ে পড়ি। নানা রকম অত্যাচার নির্যাতন ও শাসন-শোষণের বিরুদ্ধে স্বাধীনতার ঐকান্তিক ইচ্ছা থেকে উৎসারিত এই পতাকার ইতিহাস।”
পতাকা তৈরির আগেই বঙ্গবন্ধুর নেতৃত্বে উপনিবেশিক শাসন থেকে মুক্ত হওয়ার জন্য জাতি সংগ্রামমুখর হয়ে উঠেছিল মন্তব্য করে শিব নারায়ণ দাস বলেন, “তখনকার ইতিহাস মনে করলে পতাকা তৈরির ক্ষেত্রে আমি কিছুই না। কিছু আঁকাআঁকি করতাম বলে আমাকে এর দায়িত্ব দেওয়া হয়েছিল। আমি সামান্য শ্রম দিয়েছি মাত্র।”
সব প্রজন্মকে জাতীয় পতাকার মর্যামদা রক্ষার আহ্বান জানিয়ে শিব নারায়ণ বলেন, “বাংলাদেশ বললে এই বাংলা এবং ওপার বাংলার বাংলা ভাষাভাষি অঞ্চল বুঝাতো। এ কারণে বিভ্রান্তি দূর করতে পতাকায় মানচিত্র দেওয়া হয়েছিল।
“তখন এই সিদ্ধান্তও ছিল দেশ স্বাধীন হওয়ার পর পতাকা থেকে মানচিত্র সরিয়ে নেওয়া হবে।”
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাতীয় পতাকা উৎসব উদযাপন কমিটির সদস্যসচিব অধ্যাপক খন্দকার বজলুল হক।
আলোচনা সভার এক পর্যায়ে টেলিভিশন অনুষ্ঠান ‘সিসিমপুর’-এর পাপেট চরিত্র হালুম, ইকরি আর টুকটুকির পরিবেশনা শিশুদের মাঝে বাড়তি আনন্দ যোগ করে। দিনব্যাপী উৎসবের বিকালে ছিল ‘পতাকার জন্য গান’।
