২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আশা মিলেছে’ লন্ডনে সরাসরি কার্গো ফ্লাইট চালুর

ঢাকা থেকে লন্ডনগামী কার্গো বিমানের সরাসরি ফ্লাইটে দেওয়া নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2016, 01:16 AM

Updated : 20 Aug 2022, 12:12 PM

বাংলাদেশ সময় শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে টেলিফোনে কথোপকথনে এ আশ্বাস মিলেছে বলে এক বিবৃতিতে জানানো হয়। 

নিরাপত্তা ঘাটতিকে কারণ দেখিয়ে গত ৯ মার্চ যুক্তরাজ্য ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্গো বিমানের (পণ্যবাহী উড়োজাহাজ) সরাসরি  ফ্লাইট নিষিদ্ধ করার ঘোষণা দেয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া ওই বিবৃতিতে বলা হয়, যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে কথা বলেছেন।

এ সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও তাদের মধ্যে কথা হয়।

“বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নে বাংলাদেশ ও যুক্তরাজ্য একযোগে কাজ করে যাচ্ছে বলে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন।”

বিবৃতিতে বলা হয়, শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থায় একটি ‘উন্নয়ন পরিকল্পনা’ বাস্তবায়নের জন্য রেড লাইন এবং রেস্ত্রাতা নামে দুটি বেসামরিক বিমান নিরাপত্তা বিষয়ক কোম্পানির সঙ্গে চুক্তি করার বিষয়ে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

দ্রুতই কোনো একটি কোম্পানির সঙ্গে এ চুক্তি করা হবে বলে জানান মাহমুদ আলী।

জবাবে ব্রিটিশ মন্ত্রী আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশ সরকারের গৃহিত ‘উন্নয়ন পরিকল্পনা’ ও দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের প্রেক্ষিতে ঢাকা ও লন্ডনের মধ্যে সরাসরি যাত্রীবাহী ফ্লাইট পরিচালনায় কোনো সমস্যা হবে না।

পুরনো খবর:

ঢাকা থেকে সরাসরি কার্গো বিমান নিষিদ্ধ যুক্তরাজ্যে