২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নির্যাতক’ স্বামী-শ্বাশুড়ির বিচার চান মেরাদিয়ার মাহমুদা

‘যৌতুকের জন্য নির্যাতিত’ এক গৃহবধূ সংবাদ সম্মেলন করে স্বামী ও শ্বশুর বাড়ির লোকদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2016, 09:51 PM

Updated : 20 Aug 2022, 12:10 PM

বুধবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে ওই সংবাদ সম্মেলন হয়।

এতে লিখিত বক্তব্যে গৃহবধূ মাহমুদা বেগম পেয়ারা বলেন, আট বছর আগে প্রথম স্বামী মো. হোসেন মারা যাওয়ার পর দেবর হাকিমুলকে বিয়ে করেন তিনি।

“বিয়ের পর থেকেই হাকিমুল আর তার মা একাতুন্নেসা’সহ ওই বাড়ির লোকজন যৌতুকের জন্য আমার উপর নির্যাতন চালানো শুরু করে।”

প্রথম সংসারে মাহমুদার এক মেয়ে ও এক ছেলে রয়েছে। হাকিমুলকে বিয়ে করার পর ওই সংসারে আরও দুই মেয়ের জন্ম হয়।

মাহমুদা বলেন, “মারা যাওয়ার আগে মোহাম্মদ হোসেন দুটি বাড়ি আমার প্রথম ঘরের দুই সন্তানের নামে লিখে দিয়েছিলেন। বিয়ের পর হাকিমুল ওই বাড়ি দুটি তার নামে লিখে দিতে বলে। না দেওয়ায় যৌতুকের জন্য মারধর শুরু করে।”

কয়েকদফা টাকা দেয়ার পরও হাকিমুল ও শ্বশুর বাড়ির লোকজন ধারাবাহিকভাবে তার উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ মাহমুদার।

নির্যাতনের এক পর্যায়ে গত ২০ ফেব্রুয়ারি মাহমুদার বাবা তাকে নিয়ে যান। পরে স্বামী ও শ্বাশুড়ি তাকে বুঝিয়ে নিয়ে আসেন।

“এরপরও তারা আমাকে মারধর করে। সর্বশেষ ৯ মার্চ রাত ১১ টায় আমাকে সন্তানদের সামনে মারধর করে। বাধ্য হয়ে ১১ মার্চ নারী নির্যাতন দমন আইনে স্বামী-শ্বাশুড়িসহ ছয় জনের ‍বিরুদ্ধে খিলগাঁও থানায় মামলা করি।”

মামলার হওয়ার কয়েক দিন পেরিয়ে গেলেও পুলিশ আসামিদের গ্রেপ্তারে কোনো পদক্ষেপ নিচ্ছে না বলেও অভিযোগ এ গৃহবধূর।

সংবাদ সম্মেলনে মাহমুদার চার সন্তান ছাড়াও তার মা-বাবা ও ভাই বোন উপস্থিত ছিলেন।

তবে মাহমুদার অভিযোগ অস্বীকার করেছে খিলগাঁও থানা পুলিশ।

থানার ওসি মাইনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মাহমুদার স্বামীকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চলছে। বর্তমানে কুমিল্লায় একটি দল হাকিমুলকে ধরার চেষ্টা চালাচ্ছে। বৃদ্ধা শাশুড়িকে নজরদারিতে রাখা হয়েছে।”