সড়ক-মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু বুধবার
সারা দেশে সড়ক-মহাসড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদে বুধবার থেকে অভিযান শুরু হচ্ছে বলে সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন।
মঙ্গলবার গুলিস্তান এলাকায় সিএনজি অটোরিকশার মিটারে চলাচল যাচাই এবং অতিরিক্ত ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, “সারা বাংলাদেশে রাস্তা দখল করে অবৈধ স্থাপনা সরাতে ১৫ মার্চ পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। অবৈধ স্থাপনা ও ভাসমান বাজার সরাতে আজ শেষ দিন।”
এ সময়ের মধ্যে কেউ কেউ অবৈধ স্থাপনা সরিয়ে নিয়েছেন জানিয়ে মন্ত্রী বলেন, “আগামীকাল থেকে সারা বাংলাদেশে সড়ক-মহাসড়কের পাশে অবৈধ স্থাপনার বিরুদ্ধে জোরদার অভিযান পরিচালিত হবে।এ ব্যাপারে সারা বাংলাদেশে আমাদের সড়ক ও জনপথ অধিদপ্তর কর্তৃপক্ষ, পুলিশ প্রশাসন ও সিভিল প্রশাসনকে জানিয়ে দেওয়া হয়েছে।”
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সুফল আসতে শুরু করেছে দাবি করে তিনি বলেন, “একটি সময়ে যানজটের জটিলতা খুলতে পারব।যানজটে একটি অসহনীয় পরিস্থিতি সৃষ্টি হয়েছে। পরিস্থিতি সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলবে। বিআরটিএতে একজন মহিলাসহ ৭ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। ভবিষ্যতে এ সংখ্যা আরো বাড়ানো হবে।”
ঢাকা শহরে যেসব প্রাইভেট সিএনজি অটোরিকশা ভাড়ায় যাত্রী বহন করছে তাদের ডাম্পিং এবং মামলা দেওয়া হচ্ছে বলেও জানান ওবায়দুল কাদের।
যে সব এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হচ্ছে সেসব এলাকায় যানবাহন থাকছে- বিষয়টি মন্ত্রীর নজরে আনা হলে তিনি বলেন, “গাড়ী না থাকায় এটাও সাকসেস, কারণ তারা ভয়টা পাচ্ছে।”
