২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিআইবি ও বাসস আইনের খসড়া অনুমোদন

বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট আইন (পিআইবি) এবং বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) আইনের খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2016, 01:00 PM

Updated : 11 Oct 2022, 07:55 PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সচিবালয়ে বর্তমান সরকারের মন্ত্রিসভার একশতম বৈঠকে আইন দুটির খসড়া অনুমোদন পায়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, ১৯৭৬ সালের রেজুলেশন দিয়ে পিআইবি চলছিল।

পিআইবি গণমাধ্যম সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দেবে জানিয়ে তিনি বলেন, “এর বর্তমান সব কার্যক্রম এই আইনের কাঠামোয় চলে আসবে। আইন অনুযায়ী, পিআইবিতে ১৫ সদস্যের পরিচালনা বোর্ড থাকবে। এই বোর্ডের মেয়াদ হবে দুই বছর।

“বোর্ডে বিশিষ্ট সাংবাদিক, শিক্ষাবিদ, জনসংযোগে দক্ষ ব্যক্তি ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের প্রতিনিধি থাকবেন।”

মন্ত্রিপরিষদ সচিব জানান, পিআইবির চেয়ারম্যানের মেয়াদ হবে দুই বছর। এছাড়া সরকার একজন মহাপরিচালক নিয়োগ দেবে। মহাপরিচালক সার্বক্ষণিক প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।

অন্যদিকে ১৯৭৯ সালের অধ্যাদেশ দিয়ে বাসস পরিচালিত হচ্ছিল জানিয়ে শফিউল আলম বলেন, সামরিক শাসনামলে জারি করা অধ্যাদেশ সর্বোচ্চ আদালত অবৈধ ঘোষণা করায় অধ্যাদেশ অনুসরণ করে নতুন আইন করা হচ্ছে।

“আইন অনুযায়ী বাসস একটি বোর্ডের মাধ্যমে পরিচালিত হবে। ১১ সদস্যের এই বোর্ডে একজন চেয়ারম্যান ও ১০ জন সদস্য থাকবেন, যার মেয়াদ হবে তিন বছর।”

মন্ত্রিপরিষদ সচিব জানান, একজন ব্যবস্থাপনা পরিচালক বাসসের নির্বাহী প্রধান হিসেবে কাজ করবেন। ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ পেতে হলে সাংবাদিকতায় কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

একজন প্রধান সম্পাদক ব্যবস্থাপনা পরিচালককে সহায়তা করবেন জানিয়ে শফিউল আলম বলেন, সম্পাদনার মূল কাজটি প্রধান সম্পাদকই করবেন।

সোমবারের বৈঠকে ‘সার্ক যুব সনদ’ এর খসড়াও অনুমোদন দেওয়া হয়েছে বলে মন্ত্রিপরিষদ সচিব জানান।

“সার্ক যুব সনদের মাধ্যমে স্বাক্ষরকারী দেশগুলোর তরুণ প্রজন্মকে আরও কর্মক্ষম উপযোগী পরিবেশ তৈরি, লিঙ্গ সমতা আনা, শিক্ষা ও দক্ষতা অর্জন, চাকরির সুযোগ সৃষ্টি, তরুণদের স্বাস্থ্য ও চিকিৎসা নিশ্চিতে কাজ করবে।”

স্মারক ডাকটিকেট উন্মোচন

মরমী কবি রাঁধা রমন দত্তের মৃত্যু শতবার্ষিকী উপলক্ষে বৈঠকের পর  প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ টাকা মূল্যের স্মারক ডাকটিকেট উন্মোচন করেছেন বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

লোকসংগীতের পুরোধা লোককবি রাধারমণ দত্ত ১৮৩৩ সালে সিলেটের সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কেশবপুর গ্রামে জন্মগ্রহণ করেন।

১৯১৫ সালে ৮২ বছর বয়সে মারা যান তিনি।