২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একুশে পদক না পাওয়ার অতৃপ্তি মুহিতের

এখনও একুশে পদক না পাওয়ার অতৃপ্তির কথা জানালেন স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত আবুল মাল আবদুল মুহিত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2016, 05:27 PM

Updated : 20 Aug 2022, 12:05 PM

সোমবার সরকার ২০১৬ সালের স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত ১৪ ব্যক্তির নাম ঘোষণা করে, যার মধ্যে অর্থমন্ত্রী মুহিতও রয়েছেন।

রাষ্ট্রের সর্বোচ্চ বেসমারিক সম্মান পাওয়ার প্রতিক্রিয়া জানতে চাইলে মুহিত মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের হাসতে হাসতে বলেন, “আমি মনে করি, এখন যারা জীবিত আছে, তাদের মধ্যে যার একুশে পদক পাওয়া উচিৎ, সেই ব্যক্তি হলাম আমি।”

নানা ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার একুশে পদক দিয়ে থাকে। বিবেচ্য ক্ষেত্রগুলো হল সাহিত্য, সাংবাদিকতা, শিক্ষা, গবেষণা, অর্থনীতি ও দারিদ্র্য বিমোচন, শিল্প-সংস্কৃতি, সঙ্গীত, নৃত্য, চারুকলা, নাট্যাভিনয়, ভাস্কর্য ও ভাষা আন্দোলনে অবদান।

বাহান্নোর ভাষা আন্দোলনে সক্রিয় ছিলেন মুহিত। তিন দফায় অর্থমন্ত্রীর দায়িত্ব পালনকালে মোট নয়বার জাতীয় বাজেট দিয়েছেন তিনি।

মুহিতের চেয়ে বেশি তিনবার বেশি জাতীয় বাজেট দেওয়া অর্থমন্ত্রী সাইফুর রহমান একুশে পদক পেয়েছিলেন। তারা দুজনই সিলেটের বাসিন্দা।

মুহিতের অতৃপ্তির কথা শুনে দুজন সাংবাদিক বলেন, “সেটাও (একুশে) নিশ্চয়ই আপনি পাবেন।”

অশীতিপর মুহিত হাসতে হাসতেই জবাব দেন, “ওটা তো এখন আর হবে না। সর্বোচ্চ (স্বাধীনতা) হয়ে গেছে, আর কী করে হবে।”

মুক্তি সংগ্রামে অবদানের জন্য এবার স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীন হয়েছেন মুহিত।

১৯৭১ সালে যুক্তরাষ্ট্রে পাকিস্তান দূতাবাসে কর্মরত থাকা অবস্থায় বাংলাদেশ সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করে প্রবাসে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত সংগঠনে সক্রিয় ছিলেন মুহিত।

পুরনো খবর:

স্বাধীনতা পদক পাচ্ছেন মুহিত, মাকসুদুল, বন্যাসহ ১৪ জন
এখন আনন্দ নিয়েই মরতে পারব: মুহিত