২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা শুরু ১৫ মার্চ

স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীদের ‌‌‘সুপ্ত প্রতিভা’ খুঁজতে আগামী ১৫ মার্চ থেকে শুরু হবে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার এবারের আসর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2016, 08:45 PM

Updated : 20 Aug 2022, 12:01 PM

শিক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এবারও এই প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত দেশসেরা ১২ মেধাবীর হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপজেলা পর্যায়ে ১৫, ১৬, ১৮ ও ১৯ মার্চ; জেলা পর্যায়ে ২২ মার্চ, ঢাকা মহানগরে ২৩ মার্চ, বিভাগীয় পর্যায়ে ২৪ মার্চ এবং জাতীয় পর্যায়ে ৩১ মার্চ সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় অংশ নেবেন।

ষষ্ঠ থেকে অষ্টম, নবম-দশম এবং উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা তিন ভাগে ভাগ হয়ে ভাষা ও সাহিত্য, বিজ্ঞান, গণিত ও কম্পিউটার এবং বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ বিষয়ে প্রতিযোগিতায় অংশ নেবেন।

Image
সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় নির্বাচিত সেরা ‘মেধাবীদের’ মাঝে পুরস্কার বিতরণের এই ছবি ২০১৫ সালের

সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় নির্বাচিত সেরা ‘মেধাবীদের’ মাঝে পুরস্কার বিতরণের এই ছবি ২০১৫ সালের

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নির্বাচিত প্রতিযোগীদের নামের তালিকা আগামী ১০ মার্চ সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে পাঠাতে হবে।

প্রত্যেক উপজেলা থেকে সেরা ১২ জন জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে। জেলার বিজয়ীরা বিভাগীয় প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবে।

চূড়ান্ত পর্যায়ে সাত বিভাগ ও ঢাকা মহানগরী থেকে নির্বাচিত ৯৬ জন জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নেবেন।

সেরা ১২ মেধাবীর প্রত্যেককে সনদ ও এক লাখ টাকা করে পুরস্কার দেওয়া হবে।

এছাড়া উপজেলা পর্যায়ের সেরা ১২ জনের সবাইকে এক হাজার, জেলা পর্যায়ে সেরাদের দেড় হাজার এবং বিভাগীয় পর্যায়ে সেরাদের দুই হাজার টাকা করে পুরস্কার ও সনদ দেওয়া হবে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, একজন শিক্ষার্থী সর্বাধিক তিনটি বিষয়ে অংশ নিতে পারবেন। তবে ২০১৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীরা এতে অংশ নিতে পারবেন না।

২০১৩ সাল থেকে শিক্ষা মন্ত্রণালয় দেশব্যাপী সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার আয়োজন করছে।