শিশু জিহাদ: ক্ষতিপূরণ আটকাতে রাষ্ট্রপক্ষের আবেদনে শুনানি মুলতবি
পরিত্যক্ত নলকূপের পাইপে পড়ে শিশু জিহাদের মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ দেওয়ার রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি দুই সপ্তাহের জন্য মুলতবি (স্ট্যান্ডওভার) করেছে চেম্বার আদালত।
বের করে আনা হচ্ছে জিহাদকে (ফাইল ছবি)
মঙ্গলবার এ বিষয়ে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মোমতাজ উদ্দিন ফকির। রিট আবেদনকারী পক্ষে ছিলেন আহসানুল করিম ও ব্যারিস্টার মো. আবদুল হালিম।
আদেশের পর অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মোমতাজ উদ্দিন ফকির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চেম্বার বিচারপতি আবেদনের শুনানি দুই সপ্তাহের মধ্যে মুলতবি (স্ট্যান্ডওভার) করেছেন। দুই সপ্তাহ পর বিষয়টি আবার আসবে। হাই কোর্টের রায়ের কপি পেলে নিয়মিত লিভ টু আপিল করা হবে।”
অন্যদিকে ব্যারিস্টার আবদুল হালিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাষ্ট্রপক্ষ স্থগিতাদেশ চেয়ে আবেদনটি করে, চেম্বার বিচারপতি স্থগিতাদেশ না দিয়ে শুনানি মুলতবি করেছেন। ফলে ওই সময় পর্যন্ত হাই কোর্টের রায়ই বহাল থাকছে।
২০১৪ সালের ২৬ ডিসেম্বর শাহজাহানপুর রেল কলোনিতে খোলা থাকা কয়েকশ’ ফুট গভীর একটি নলকূপের পাইপে পড়ে যায় চার বছরের জিহাদ।
প্রায় ২৩ ঘণ্টা রুদ্ধশ্বাস অভিযানে অনেক নিচে ক্যামেরা নামিয়েও ফায়ার সার্ভিস কোনো মানুষের ছবি না পাওয়ায় পাইপে জিহাদের অস্তিত্ব থাকা নিয়ে সন্দেহ তৈরি হয়। ওই সন্দেহ রেখেই উদ্ধার অভিযান স্থগিতের ঘোষণা দেয় ফায়ার সার্ভিস।
এর কয়েক মিনিটের মধ্যে কয়েকজন তরুণের তৎপরতায় তৈরি করা যন্ত্রে পাইপের নিচ থেকে উঠে আসে অচেতন জিহাদ। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান, শিশুটি বেঁচে নেই। ওই ঘটনার পর ফায়ার সার্ভিসের সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠে।
ওই ঘটনা সারা দেশে আলোড়ন সৃষ্টি করলে দুই দিন পর চিলড্রেন চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশন হাই কোর্টে এই রিট আবেদন করে, যাতে জিহাদের মৃত্যুর জন্য ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়।
জিহাদকে উদ্ধারে বিবাদীদের ব্যর্থতা ও ক্ষতিপূরণের নির্দেশনা চেয়ে ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্যারিস্টার মো. আবদুল হালিম রিট আবেদন করেন। প্রাথমিক শুনানি নিয়ে গতবছর ১৫ ফেব্রুয়ারি হাই কোর্ট রুল জারি করে।
জিহাদের মৃত্যুর জন্য ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না- তা জানতে চাওয়া হয় ওই রুলে।
এছাড়া সংবিধানের ৩১, ৩২ ও ৩৬ অনুচ্ছেদের পরিপন্থী হওয়ায় শিশুটির মৃত্যুতে ফায়ার সার্ভিস, ওয়াসা, রেলওয়ে ও সিটি করপোরেশনের অবহেলাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং সারা দেশে অরক্ষিত ও উন্মুক্ত পাইপ, কূপ, টিউবওয়েল, স্যুয়ারেজ পাইপ, গর্ত এবং পানির ট্যাঙ্কের তালিকা তৈরি করতে কেন নির্দেশনা দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয় রুলে।
স্বরাষ্ট্র ও রেলওয়ে সচিব, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক, রেলওয়ের মহাপরিচালক, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন অ্যান্ড মেনটেইনেন্স), ওয়াসা চেয়ারম্যান, দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার ও শাজাহানপুর থানার ওসিকে রুলের জবাব দিতে বলা হয়।
ওই রুলের ওপর শুনানি শেষে একবছর পর ১৮ ফেব্রুয়ারি ক্ষতিপূরণের পক্ষে রায় দেয় আদালত।তবে ক্ষতিপূরণের অংক কতো হবে এবং কারা ওই অর্থ দেবে তা জানতে পূর্ণাঙ্গ রায়ের জন্য অপেক্ষা করতে হবে বলে ওইদিন জানান আবদুল হালিম।
এই রায় স্থগিত চেয়ে ২৫ ফেব্রুয়ারি আবেদন করে রাষ্ট্রপক্ষ, যা ২৮ ফেব্রুয়ারি চেম্বার বিচারপতির আদালতে ওঠে। ওইদিন আদালত বিষয়টি ১ মার্চ শুনানির জন্য রাখে।
